
রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে মো. দুলাল (২১) ও মো. অনিক (২০) নামের ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে র্যাব-১০ এর একটি দল রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়া বায়তুল সালাম জামে মসজিদ এলাকায় অভিযান চালায়। অভিযানে দুলাল ও অনিক নামে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি চাকু, ৪টি ব্লেড, ২টি মোবাইল ও নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কাইমুজ্জামান খান জানান, আটকরা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
কেএফ




