
রাজধানীর রামপুরা এলাকা থেকে ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তিন জনকে আটক করেছে র্যাব।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- এ বি এম সিদ্দিকী বাপ্পী (৫৯), মো. আক্তারুজ্জামান (৩৩) ও মো. মিজানুর রহমান (৫০)।
মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ ডিসেম্বর) র্যাব-১০ এর একটি দল রামপুরার জাকের গলি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তিন জন ইউরেনিয়াম ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতদের কাছ থেকে একটি চামড়ার বাক্স, একটি ছোট চামড়া ও স্টিলের বক্স, রিমোট, ম্যানুয়েল বই, গ্যাস মাস্ক, ইলেকট্রিক মিটার, রাবারের ড্রপার, স্টিলের ঢাকনাযুক্ত কাঁচের পট, কাঁচের তৈরি ছোট চিকন পাইপ, কাঁচি, মিটার, কালো কম্পাস, দুটি পাইপ, একটি মেটাল ছাঁকনি, একটি ক্যাটালগ, একটি জোড়া হ্যান্ড গ্লাভস, একটি চামড়ার জ্যাকেট (গ্রাউন) জব্দ করা হয়।
তিনি জানান, আটকরা জানান তারা বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইউরেনিয়াম কিনে দীর্ঘদিন ধরে তা বিক্রি করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর শাহরিয়ার।
এসএস




