
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এবারের কোরবানিতে পশুর চামড়া সংরক্ষণের জন্য জেলা, বিভাগ ও মন্ত্রণালয়ের সমন্বয়ে মাঠ পর্যায়ে মনিটরিং ও টিম ওয়ার্কের কারণে আমরা চামড়া ব্যবস্থাপনার সুফল পেয়েছি।
রোববার (২৫ জুলাই) শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, লবণ দিয়ে যথাসময়ে ও যথাযথ প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণ করা হয়েছে। চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে লবণ সরবরাহ করা হয়েছিল, ফলে কোনো চামড়া নষ্ট হয়নি।
এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনায় কোনো ধরণের শৃঙ্খলা সৃষ্টি হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যেও শিল্প মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মন্ত্রণালয় থেকে যথাযথ নির্দেশনা দেওয়ার ফলে এ বছর চামড়া নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।
ভার্চুয়ালি সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর, সংস্থার ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
জেএইচ




