
জলবায়ু বিপর্যয় প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় প্রতীকীভাবে ‘বিশ্বনেতাদের’ কারাবন্দি করে প্রতিবাদ জানিয়েছে ‘স্টপ এমিশনস নাও বাংলাদেশ’ নামে একটি সংগঠন। বুধবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ জানানো হয়।
‘স্টপ এমিশনস নাও বাংলাদেশ’-এর পক্ষ থেকে বলা হয়, জলবায়ু বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং কার্বন নিঃসরণ কমাতে পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা। প্রাণ-প্রকৃতি রক্ষায় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা। তাই তাদের প্রতীকী কারাগারে বন্দি করে প্রতিবাদ জানানো হয়।
সংগঠনটি আরও জানায়, জলবায়ু বিপর্যয়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মতো প্রান্তিক দেশগুলো। এর কারণে বাংলাদেশের এক কোটি ৯০ লাখেরও বেশি শিশু ঝুঁকিতে রয়েছে।
তারা অভিযোগ করেন, জলবায়ু বিপর্যয়ের প্রভাব মোকাবিলায় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কপ-২৬ অনুষ্ঠিত হলেও শুধু আলোচনা ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ বা কোনো প্রকার সফলতা দেখা যাচ্ছে না।
শিগগিরই বিশ্বনেতাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার দাবি জানায় সংগঠনটি।
এনএইচ/টিআই




