
শহীদজায়া বেগম মুশতারী শফীর মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা এই মহীয়সীকে শ্রদ্ধা নিবেদনের জন্য আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানান রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনটির সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘আমরা মুশতারী শফীকে জেনেছি, চিনেছি এবং একসঙ্গে রাজপথে থাকার সৌভাগ্য অর্জন করেছি। আমরা শহীদ জননী জাহানারা ইমামের সময়ের মানুষ। তার মৃত্যুর সংবাদ শুনে ভাবছিলাম, প্রতিবাদ না থাকলে সমাজ সচেতন হয় না। আমাদের সরকার ক্ষমতায় আছে। কিন্তু মুক্তিযুদ্ধ পরিপন্থী অনেক কাজ হচ্ছে। মুশতারী শফী এর বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন।’
শহীদ মিনারে মুশতারী শফীর প্রতি একে একে শ্রদ্ধা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণসংগীত সমন্বয় পরিষদ, বটতলা, বাংলাদেশ তাঁতি লীগ, সুবচন নাট্য সংসদ, নরসিংদী জেলা ছাত্রলীগ, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। দুপুর সাড়ে ১২টার দিকে শহীদজায়া বেগম মুশতারী শফীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বেগম মুশতারী শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, শহীদজায়া বেগম মুশতারী শফী সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পি/টিআই




