
নরসিংদীর পলাশ উপজেলায় বিদ্যালয়ের শহীদ মিনার পিলার ধসে জান্নাতি আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ( ২ অক্টোবর) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। পলাশ থানা ওসি মোহাম্মদ ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জান্নাতি আক্তার সেকান্দরদী গ্রামের রাব্বি মোল্লার মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার (২ অক্টোবর) বিকেলে জান্নাতি বাড়ির পাশে সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পাশে খেলা করছিল। হঠাৎ শহীদ মিনারের একটি পিলার ভেঙে শিশু জান্নাতির ওপর পড়ে। এ সময় মাথায় গুরুত্বর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করলে উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার আরটিভি নিউজকে জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শহীদ মিনারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেটি মেরামত না করে দড়ি দিয়ে পিলারটি গাছের সঙ্গে বেঁধে রাখে। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী আরটিভি নিউজকে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফলতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাসহ নিহত শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
জিএম




