
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শিক্ষাপ্রতিষ্ঠানে কোটাবিহীন প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে ‘প্যানেলপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন।’ শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠটির সভাপতি মো. আমির হোসেন বলেন, ‘বাংলাদেশের শিক্ষকরা বিভিন্নভাবে নির্যাতিত ও নিপীড়িত। আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধনপ্রাপ্ত হলেও আমাদের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি হয়নি।’
তিনি বলেন, ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ ও নিয়োগের সমস্যা সমাধানের জন্য এনটিআরসিএ গঠন করা হলেও ২০০৫ থেকে ২০২১ পর্যন্ত মাত্র তিনটি গণনিয়োগ বিজ্ঞপ্তি দেয় তারা। কিন্তু এতে নতুন শিক্ষক নিয়োগের নামে বদলি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আর এর মাধ্যমে নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল তারা।’
প্যানেলপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের এই নেতা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে প্যানেলভিত্তিক নিয়োগের কোনো বিকল্প নেই। মুজিববর্ষের উপহারস্বরূপ একটি বিশেষ বিজ্ঞপ্তিই পারে এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক সমাজকে অভিশাপ মুক্ত করতে। আর কোনো গণবিজ্ঞপ্তি নয়, প্যানেলভিত্তিক নিয়োগ এখন সময়ের যৌক্তিক ও ন্যায্য দাবি।’
আমির হোসেন বলেন, ‘যৌক্তিক আন্দোলনের কারণে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ৩৫-এর বেশি বয়সী নিবন্ধনধারীদের পুনরায় আবেদন করার সুযোগ রাখা হয়। এনটিআরসিএর অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে নিবন্ধনধারীরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। এর দায়ভার কার? কখনো কী জবাবদিহিতার আওতায় আসবে না এনটিআরসিএ? শিক্ষক নিবন্ধন সনদ চাকরির সনদ, একাডেমিক সনদ নয়। তাই সনদ যার, চাকরি তার।’
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ তাদের সঙ্গে প্রতারণা করছে। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ না দিয়ে প্রতিবছর শিক্ষক নিয়োগের নামে পরীক্ষা নিয়ে এনটিআরসিএ বেকারদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্তি না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে। দাবি মানা না হলে সারা বাংলাদেশের চাকরি প্রার্থীরা ঢাকায় এসে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
পি/টিআই




