
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপরে উঠে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে এনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৯০৬৯) ময়মনসিংহ যাওয়ার পথে খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৩-১৮৬২) ওপর উঠিয়ে দেয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। মাইক্রোবাসের চালকসহ কিছু যাত্রী সামান্য আহত হন। এতে কেউ হতাহত হয়নি। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
এনএইচ/টিআই




