
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবারের ফলাফল ভালো হয়েছে। পাশের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ১ হাজার ৭৫৫টি বিদ্যালয়ের ২ লাখ ১৯ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৮৯ জন এবং ছাত্রী ১ লাখ ২৩ হাজার ৮১৫ জন।
উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। এদের মধ্যে ছাত্র ৯১ হাজার ৭৯১ জন এবং ছাত্রী ১ লাখ ১৯ হাজার ৭১২ জন। এবার পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬জন।
উল্লেখ্য, গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ২৪৫ জন।
এনএস/এসকে




