
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে এ জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।
এছাড়া যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আক্তারুজ্জামান ও ডেপুটি চিফ ফাইন্যান্স অফিসার রত্নদ্বীপ বর্মণ। পাশাপাশি ওয়াসার সহকারী সচিব মৌসুমী খানকেও তলব করা হয়েছিল।
বুধবার (১৯ অক্টোবর) একই অভিযোগে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক সহিদ উদ্দিন ও কো-অর্ডিনেশন অফিসার শেখ এনায়েত আবদুল্লাহকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জিজ্ঞাসাবাদ শেষে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেন।
এর আগে ওয়াসার প্রধান প্রকৌশলীসহ সাত কর্মকর্তাকে বুধবার (১৭ অক্টোবর) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অবৈধভাবে নিয়োগ ও পদোন্নতি পেয়েছেন।




