
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিজীবীদের সার্বিস বুক এবং পেনশন সংক্রান্ত সব কার্যক্রম ডিজিটাল করার কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন অনলাইনে পরিশোধ করা হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের করা প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর, দক্ষ, দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক ও গণমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে।
তিনি বলেন, বৈশ্বিক প্রশাসনিক ব্যবস্থাপনার সঙ্গে তালমিলিয়ে চলার উপযোগী দক্ষ প্রশাসন বিনির্মাণের জন্য ‘সরকারি কর্মচারি ব্যবস্থাপনা পদ্ধতি’ শীর্ষক একটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রমের আওতায় সব সরকারি কর্মচারীদের একটি তথ্য ভাণ্ডার থাকবে; যা মানবসম্পদ ব্যবস্থাপনায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক হবে।
সংসদে মোকাব্বির খানের করা অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০১৫ সালের বেতন ও ভাতাদি আদেশ অনুসারে সরকারি কর্মচারিরা শ্রেণি বিভাজনের পরিবর্তে বেতন স্কেলের গ্রেডভিত্তিক পরিচিত হবেন। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।




