
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ খাতে ব্যাপক পরিবর্তন আসছে। আশা করছি আগামী বছর থেকে বিদ্যুতের সংকট অনেকটাই কেটে যাবে।
রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর এক অভিজাত হোটেলে ‘নেসকো টুওয়ার্ডস ২০৪১, চ্যালেঞ্জ অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, উত্তরাঞ্চলে বিদ্যুৎ খাতে ব্যাপক পরিবর্তন আসছে। আমরা ভেড়ামারা ও রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ পাব। ভারত থেকেও বিদ্যুৎ আসবে। ফলে আগামী বছর থেকে বিদ্যুতের সংকট অনেকটাই কেটে যাবে।
তিনি বলেন, উত্তরাঞ্চলের ২৭ হাজার সেচ পাম্প সোলার পাওয়ারের আওতায় আনতে হবে। বাংলাদেশের লক্ষ্য ২০৪১ সালে জ্বালানি খাতে ৪০ ভাগ ক্লিন এনার্জি বাস্তবায়ন করা। নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) এ বিষয়ে খেয়াল রাখা উচিত। টেকনোলজির উন্নয়ন হচ্ছে বিদ্যুৎ খাতে এগিয়ে যাওয়ার পথ। এর বিকল্প নেই।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব হাবীবুর রহমান, নেসকো পিএলসির চেয়ারম্যান মহসিন চৌধুরী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।




