
কয়েক বছর ধরে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল বেশ ধারাবাহিক। কিন্তু সেই তুলনায় বাকি দুই ফরম্যাট টি-টোয়েন্টি ও টেস্টে তেমন আহামরি পারফরম্যান্সই নেই সাকিব-তামিমদের। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচিং প্যানেলে পরিবর্তন এনেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টেস্টেও সেই পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বসল দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই সংস্থা।
রোববার (২৫ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩ উইকেটের পরাজয় বরণ করে বাংলাদেশ। এতে দুই ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে হার মানে সাকিব আল হাসানের দল।
ম্যাচ শেষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানেই তিনি এই পরিবর্তনের ইঙ্গিত দেন।
আরও পড়ুন- কোহলির কাছ থেকে জার্সি উপহার পেলেন মিরাজ
জালাল ইউনুস বলেন, ‘এটাকে (টেস্ট) আকর্ষণীয় করার জন্য আমরা অনেক চেষ্টা করছি। টেস্ট দলটাকে যাতে আরও উন্নত করা যায়, তাই কোচিংয়ে কিছু পরিবর্তন আনব আমরা। যে কারণে আমরা ম্যাচ ফিও বাড়িয়েছি। যাতে টেস্টের প্রতি টি-টোয়েন্টি বা ওয়ানডের থেকে আকর্ষণ কম মনে না করে।’
এই ধারা পরিবর্তনের প্রক্রিয়াধীন বলে তিনি আরও বলেন, ‘এটাকে (টেস্ট ক্রিকেট) আরও আকর্ষণীয় করতে হবে। এ বছর ডোমেস্টিক টুর্নামেন্টগুলো ভালো হয়েছে। আমাদের আরও ভালো করতে হবে। আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে, উইকেটগুলোও ভালো ছিল।’
২০০০ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় বাংলাদেশ দলের। দীর্ঘ ২৩ বছরের পথচলায় বাংলাদেশ দল এই পর্যন্ত ১৩৬টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছে। যেখানে মাত্র ১৬ ম্যাচে জয়ের বিপরীতে ১০২ ম্যাচে পরাজয় বরণ করেছে টাইগাররা, বাকি ১৮টির ফলাফল নির্ধারিত না হওয়ায় ড্র হয়েছে।
আরও পড়ুন- ম্যাচ হারে কোনো আক্ষেপ নেই সাকিবের
দীর্ঘ ফরম্যাটের এই খেলায় চলতি বছর মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সেটিও বছরের শুরুতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে। এটাই প্রমাণ করে যে, বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটের অবস্থা।
বিসিবির এই কর্মকর্তা আরও যোগ করেন, ‘আমরা শুধু আজকে না, অনেক আগে থেকেই বলছি। টেস্টকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি (প্রাধান্য) দিচ্ছি। লঙ্গার ভার্সনকে আমাদের প্রায়োরিটি দিতেই হবে।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা লঙ্গার ভার্সনে ভালো খেলি, তাহলে বাকি যে ফরম্যাটগুলো আছে টি-টোয়েন্টি-ওয়ানডেতে আমরা আরও ভালো করতে পারব। লঙ্গার ভার্সনে আমাদের ভালো করতেই হবে।’




