
নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় সোসাইটির সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বাংলাদেশের বিজয়ের ৫১ বছর পূর্তির এ আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা ও সোসাইটির পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও রক্ত সংগ্রহ কার্যক্রম।
সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর-রহমান সোসাইটির সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন। আর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলন করেন সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
নূর-উর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিকামী বাঙালি এক রক্তক্ষয়ী সংগ্রামে ধাবিত হয়ে স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতেই নিরলসভাবে কাজ করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়ে তোলা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের যে কোনো দুর্যোগে বিপন্ন মানুষের জন্য কাজ করছে।
বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্য রাজিয়া সুলতানা লুনাসহ বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযমের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
এ ছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, রাজধানীর খিলগাঁও, মোহাম্মদপুর ও সারাদেশের বিভিন্ন স্থানে রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।




