
কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় দুটি খাসি জবাই করে জয় উদযাপন করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্জেন্টাইন সমর্থকরা।
সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ ভোজের আয়োজন করা হয়।
সাধারণ শিক্ষার্থীরা জানান, শাবি ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক ও আর্জেন্টিনার সমর্থক সজিবুর রহমানের পক্ষ থেকে এ ভোজের আয়োজন করেন। আর্জেন্টিনা জয় লাভ করলে ফাইনাল খেলার পর খাসি দিয়ে ভূরিভোজ করানো হবে বলে পূর্বে ঘোষণা দেন ওই নেতা। আর্জেন্টিনার সমর্থক ছাড়াও অন্য দলের সমর্থকও অংশগ্রহণ করেন এই ভোজে। এ সময় প্রায় ৫০০ জন মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সজিবুর রহমান আরটিভিকে বলেন, আর্জেন্টিনা সমর্থকদের প্রাণের আকুতি ছিল এই রোমাঞ্চকর বিজয় এবং একই সঙ্গে বিজয় উৎসবের আনন্দে মেতে উঠা। সেই উৎসবকে পূর্ণতা দেওয়ার জন্য দুটি খাসি জবাই করে ভোজের আয়োজন করেছি।
প্রসঙ্গত, সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ফ্রান্সের সঙ্গে ফাইনাল খেলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা।




