
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রবাসীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের কাজ করছে। এ জন্য সেবা গ্রহীতাকে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, বাংলাদেশি নাগরিকদের রাষ্ট্রীয় বা ব্যক্তিগত ব্যবসা, চাকরি, শিক্ষা, প্রশিক্ষণ, স্থায়ীভাবে বসবাস ও ইমিগ্রেশনসহ বিভিন্ন কারণে বিদেশে যাতায়াত ও অবস্থান করতে হয়। নিয়ম অনুসারে কোনো বাংলাদেশি ছয় মাসের বেশি সময় বিদেশে অবস্থান করার পর দেশে চলে আসেন। পরে ওই ব্যক্তিকে অন্য কোনো দেশে যেতে হলে সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে দুই হাতের ১০ আঙুলের ছাপ সংগ্রহ করা হয়। সেই আঙুলের ছাপ সরাসরি কিংবা দূতাবাসের মাধ্যমে পূর্বে যে দেশে ছিলেন সে দেশে পাঠাতে হয়। সংশ্লিষ্ট দেশ থেকে তার পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করে নতুন করে যে দেশে যেতে চান সেই দেশের দূতাবাসে জমা দেওয়া হয়।
তিনি বলেন, প্রয়োজন সাপেক্ষে অভিবাসন ইচ্ছুক ব্যক্তিদের ১০ আঙুলের ছাপ সরবরাহের জন্য সিআইডির অতিরিক্ত আইজির কাছে আবেদন করতে হয়। আবেদনপত্রের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি, চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের অফিস থেকে পাওয়া নাগরিক সনদপত্র ও প্রতি সেট আঙুলের ছাপের জন্য ৫০০ টাকা জমা দেওয়ার ট্রেজারি চালানের কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করে জমা দিতে হয়। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়নের প্রয়োজন হয় তাহলে প্রতি সেট আঙুলের ছাপের জন্য অতিরিক্ত আরও ২০০ টাকা আলাদাভাবে চালানে জমা দিতে হয়। ট্রেজারি চালানের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিতে হয়।
তিনি আরও বলেন, এ আবেদনের প্রেক্ষিতে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট শাখা আবেদনকারীর দুই হাতের ছাপ চাহিদা অনুযায়ী নাগরিক অথবা স্বরাষ্ট্র মন্ত্রণায়ে পাঠিয়ে দেয়। সেবা গ্রহীতার সহযোগিতার জন্য সিআইডির ফিঙ্গারপ্রিন্ট শাখা নিষ্ঠা, স্বচ্ছতা, দক্ষতা ও সততার সঙ্গে আন্তরিকভাবে পালন করে আসছে।




