
ভুয়া বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে জমি ক্রয়-বিক্রয় এবং ভূমি উন্নয়ন কর ফাঁকি ঠেকাতে ব্যবস্থা নিতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়।
সোমবার (১৯ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘যৌথ-মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর’ (আরজেএসসি)-এর মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা হয়েছে। এর ফলে ভূমিসেবা এবং আরজেএসসি সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ এবং সমন্বয় স্থাপন হবে। কাগজে কিংবা ভুয়া যৌথমূলধন কোম্পানি ও ফার্মের নাম দেখিয়ে জমি ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বেআইনি কাজ করার অভিযোগ প্রায়ই শোনা যায়। অনেকসময় দেখা যায় বাণিজ্যিক কিংবা শিল্পকাজে ব্যবহৃত জমি ভূমি উন্নয়ন কর ফাঁকি দেওয়ার উদ্দেশে দলিলে আবাসিক ও অন্যান্য কাজে ব্যবহৃত জমি দেখায়। এর ফলে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয় রাষ্ট্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ভূমিসেবা যেমন ই-নামজারি কিংবা ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় আরজেএসসি এখতিয়ারভুক্ত কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের প্রযোজ্য তথ্য যাচাইয়ের সুযোগ হওয়ার ফলে এখন ভুয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে জমি ক্রয়-বিক্রয় এবং ভূমি উন্নয়ন কর ফাঁকি রোধ সম্ভব হবে। সরকারের কোষাগারে ভূমি উন্নয়ন কর বাবদ অতিরিক্ত রাজস্ব জমা হবে। এ ছাড়া ভূমি এবং আরজেএসসি সিস্টেমের স্বয়ংক্রিয় আন্তঃসংযোগ ব্যবস্থার কারণে ই-নামজারির সময় করণিক ভুল হবে না। কারণ, আরজেএসসি সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই হবে।




