
ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে বিভিন্ন প্রতারক চক্র চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রতারক চক্রগুলো ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থায় চাকরি দেওয়ার নাম করে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ মার্চ) ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আবদুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতে দেখা যাচ্ছে, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন প্রতারক চক্র ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থায় চাকরি দেওয়ার নাম করে নিয়োগপ্রার্থীদের থেকে অর্থ আদায় করে আত্মসাৎ করার চেষ্টা করছে বলে প্রতীয়মান। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগপ্রার্থীরা যাতে প্রতারিত না হন, সেজন্য নিয়োগপ্রার্থীদের ভূমি মন্ত্রণালয় কিংবা এর দপ্তর বা সংস্থায় নিয়োগের যেকোনো তথ্য ওয়েবসাইটে যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ উপায়ে আবেদন বা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই ব্যাপারে ইতোপূর্বে ভূমি মন্ত্রণালয় অনেকবার সতর্ক করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রার্থীদের ফের সতর্ক করা হলো।
ভূমি মন্ত্রণালয় এবং দপ্তর/সংস্থাগুলোর ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে: দাপ্তরিক ওয়েব পোর্টাল- ভূমি মন্ত্রণালয়: www.minland.gov.bd, ভূমি আপিল বোর্ড: www.lab.gov.bd, ভূমি সংস্কার বোর্ড: www.lrb.gov.bd, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর: www.dlrs.gov.bd, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র: www.latc.gov.bd। ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক সামাজিক যোগাযোগ মাধ্যম: www.facebook.com/minland.gov.bd।
এ ছাড়া, ভূমিসেবা পোর্টাল: www.land.gov.bd এবং ভূমিসেবা সামাজিক যোগাযোগ মাধ্যম: www.facebook.com/land.gov.bd এর মাধ্যমে সরাসরি ভূমিসেবা দেওয়া হচ্ছে। যাতে করে কেউ অন্য কোনো মাধ্যমে গিয়ে প্রতারিত না হয়। এর পাশাপাশি বাংলাদেশের যেকোনো নাগরিক ২৪ ঘণ্টার যেকোনো সময় ১৬১২২ নম্বরে কল করে যেকোনো ভূমি-সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং পাবেন ভূমিসেবা, এছাড়া বিদেশ থেকে ৮৮০ ৯৬১২-৩১৬১২২ নম্বরে কল করে একই সেবা পাওয়া যাবে।




