
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধুর নির্দেশেই পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের (বিপিএসএ) উদ্যোগে আয়োজিত ‘বিজয় উৎসব-২০২২’ তে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিপিএসএ'র সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অ্যাসোসিয়েশনের সদস্য ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘ভিশন-২০৪১’ বাস্তবাযনের লক্ষে আমরা এমডিজির লক্ষমাত্রা অর্জন করেছি।
সভাপতির বক্তব্যে মো. মনিরুল ইসলাম বলেন, আজকের বিজয় উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়ের আনন্দ উদযাপন করা।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।




