
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অক্টোবরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রতিনিধিদলটি আগামী ৭-১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে। দলটিতে ৬ জন সদস্য থাকবে। তারা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবে। এরপর নিজেদের দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পেশ করবেন।
মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেন, প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের কর্তাব্যক্তি এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলবে।
এদিকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের জনগণকে অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। এর মাধ্যমে জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবেন।
নির্বাচনে গণমাধ্যম যাতে ভয়ডরহীনভাবে কাজ করতে পারে, সেদিকও খেয়াল রাখতে হবে বলে জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন।
চলতি একাদশ জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হবে আগামী ২৯ জানুয়ারি। মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আগামী ১ নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।




