
রাজধানীতে যাত্রী পরিবহনে সিটিং সার্ভিসের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৪১তম সভা শেষে তিনি এসব কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সড়ক পরিবহন সচিব নজরুল ইসলামসহ সচিবালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিনি বলেন, ভারী যানবাহন চলাচলসহ নানা কারণে দেশে সড়ক রক্ষা কঠিন হয়ে পড়েছে। মহাসড়কে অতিরিক্ত পণ্যবাহী যান চলাচল বন্ধে আগামী ১ নভেম্বর থেকে রাস্তায় যানবাহনের ওজন নিয়ন্ত্রণে কমিটি গঠন করা হয়েছে। এতো অতিরিক্ত পণ্য পরিবহন করলে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।
জনস্বার্থে সিটিং সার্ভিস বহাল রাখা যাবে, নাকি বন্ধ করা হবে এসব বিষয় খতিয়ে দেখতে বিআরটিএ'র রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মো. মাহবুব-ই রব্বানীকে প্রধান করে গেল মে মাসে একটি কমিটি গঠন করা হয়। কমিটি এ সংক্রান্ত একটি প্রতিবেদনও দাখিল করে। গেল ১৫ অক্টোবর এ কমিটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ২৬ দফা পর্যবেক্ষণ তুলে ধরে কমিটি।
এদিকে দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনের আগে সংবিধানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। সেক্ষেত্রে সরকার তাদের সহযোগিতা করবে।
রোহিঙ্গা ইস্যুতে মন্ত্রী বলেন, মিয়ানমার আন্তর্জাতিক চাপের মুখে যা-ই বলুক, তাদের মনে কী আছে সেটা তাদের কার্যক্রম দেখেই বোঝা যাবে। আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর আরও কঠিন চাপ অব্যাহত রাখবে। প্রয়োজনে অবরোধ আরোপ করা যেতে পারে। যেন তারা বাধ্য হয়ে নিজেদের নাগরিকদের বোঝা বাংলাদেশ থেকে সরিয়ে নিতে বাধ্য হয়।
এমসি / এমকে




