
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। যেকোনো সংস্থা বা ব্যক্তি এ সময়ের মধ্যে ইসির ওয়েবসাইটে ফরম পূরণ করে আবেদন করতে পারবে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।
তিনি বলেন, বেশ কয়েকটি দেশ থেকে আমাদের কাছে সময় বাড়ানোর আবেদন করা হয়। আরও অনেকেই আসতে চায়। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
অশোক কুমার বলেন, এখন পর্যন্ত আমরা ১২টি দেশের ৩০ থেকে ৩২ জন পর্যবেক্ষক ও সাংবাদিকের আবেদন পেয়েছি। এর মধ্যে চারটি সংস্থা রয়েছে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।




