
সাম্প্রতিক সময়ে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে কয়েকজন ফিরে আসায় এর পুরো কৃতিত্ব আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিখোঁজরা ফিরে আসছেন।
শুক্রবার রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ রোইং ফেডারেশন আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে সাংবাদিক উৎপল দাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোবাশ্বার হাসান ফিরে এসেছেন। তারা কীভাবে, কোন অবস্থায় নিখোঁজ হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী এসব নিয়ে তাদের সঙ্গে কথা বলে আরো অনুসন্ধান চালাবে।
তিনি বলেন, আমিতো বলব আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট ছিল বলেই এরা ফেরত আসছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের গোয়েন্দা বাহিনী এগুলো নিয়ে কাজ করছে। যারা ফিরে আসেননি, তাদের ব্যাপারেও তৎপরতা চলছে।
মন্ত্রী বলেন, যারা ফিরে এসেছেন, তাদের সবাই বলেছেন, অপহরণকারীরা তাদের একটি ঘরে দীর্ঘদিন আটকে রেখেছে, নিয়মিত খাবার দিয়েছে এবং এক সময় কোনো এক জায়গায় ছেড়ে দিয়ে গেছে। চোখ বাঁধা থাকায় অপহরণকারীদের তারা দেখতে পাননি।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী চলতি বছর বিভিন্ন সময়ে ৫৫ জনের নিরুদ্দেশ হওয়ার খবর সংবাদমাধ্যমে এসেছে, তাদের মধ্যে ফিরে এসেছেন মাত্র দশ জন।
উল্লেখ্য, দেড় মাস নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার রাত ১টার দিকে বনশ্রীর বাসায় ফিরে আসেন ঢাকার নর্থ সাউথ শ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার।
এর আগে গত মঙ্গলবার ফিরে আসেন সাংবাদিক উৎপল দাস। তাকে একটি মাইক্রোবাসে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি সিএনজি ফিলিং স্টেশনে নামিয়ে দেয়া হয়। উৎপল ঢাকা থেকে নিখোঁজ হয়েছিলেন প্রায় আড়াই মাস আগে।
এএ/ এমকে




