
পদত্যাগ করা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ১১টি অভিযোগ থাকায় অন্য বিচারপতিরা তার সঙ্গে বসতে চাননি বলে তিনি পদত্যাগ করেছেন। এটা নিয়ে কথা বলছে বিএনপি। তারা প্রমাণ করুক আমরা তাকে জোর করে পদত্যাগ করিয়েছি। বিএনপি মিথ্যা কথা বলে আর উত্তর দিতে হয় আমাদের। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে পৌর এলাকায় তালতলা গ্রামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কসবা পৌরসভা ও চারটি ইউনিয়নে দুই কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার এলাকায় ১৩টি গ্রামে এ বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।
জনসভায় পদত্যাগ করা সাবেক প্রধান বিচার এস কে সিনহা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দুর্নীতির কারণে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন। প্রধান বিচারপতির বিরুদ্ধে ১১টি অভিযোগ থাকায় অন্য বিচারপতিরা তার সঙ্গে বসতে চাননি। এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন।
আইনমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মর্যাদার আসনে বসেছে। মার্কিন প্রেসিডেন্ট যখন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেন, তখন এর প্রতিবাদ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রেলে উঠে গেছে।
তিনি বলেন, আগামী বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে শুধু ভোট নয়, আইনের মাধ্যমেও জবাব দেয়া হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে আমরা আবার ক্ষমতায় আসব।
কসবার পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম. জি হাক্কানি, যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, রুহল আমিন ভূইয়া, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন।
এসএস




