
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোট দিলেন মেয়র পদপ্রার্থী বিএনপির কাওছার জামান বাবলা।
বৃহস্পতিবার সকালে নগরীর দেওয়ান টুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সেখানে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
কাওছার জামান বাবলা বলেন, বিএনপি শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকবে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভাল। তবে পরে কি হয় সেটা দেখতে হবে।
তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত এইচ এম এরশাদ নির্বাচনী বিধি ভঙ্গ করে গেলো পাঁচ দিন ধরে রংপুরে নিজের বাসভবনে অবস্থান করছেন এবং প্রচার চালাচ্ছেন।
রংপুর সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ৩৩টি। মোট ভোটার তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। যার মধ্যে পুরুষ হচ্ছে এক লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। এবারের নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২১১ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএস




