সম্প্রতি রাজধানীর মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এরপর তার মরদেহের ওপর চলে বর্বরতা। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ও দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘটনার সঙ্গে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ তোলা হয়। সেই অভিযোগের বরাতে দেশের বেসরকারি টেলিভিশন আরটিভিসহ অন্যান্য গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।
পরবর্তীতে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হলে আরটিভি কর্তৃপক্ষ ‘তথ্য বিভ্রাট’ আছে মনে করে নিজেদের অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ সংক্রান্ত সংবাদ ও পোস্ট সরিয়ে নেয়।
একইসঙ্গে তথ্যগত দিক যাচাইয়ে অধিকতর অনুসন্ধানে নামে। অনুসন্ধানে তথ্য বিভ্রাটের প্রসঙ্গটি উঠে আসে এবং নিশ্চিত হওয়া যায়, ওই ঘটনার সঙ্গে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কোনো সম্পর্ক নেই।
আরটিভি আশা করে, এই ব্যাখ্যার মাধ্যমে এ সংক্রান্ত সব ভুল বোঝাবুঝির অবসান হবে।
পাশাপাশি কর্তৃপক্ষ এও মনে করে, স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে দেশপ্রেমিক ও শক্তিশালী সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।




