
ঢাকার পুরোনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অনিয়মের কারণে ঢাকা ও পুরান ঢাকা এখন সবচেয়ে বেশি ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে স্পষ্ট সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে বলেন, গত পাঁচ বছরে এত শক্তিশালীভাবে ভূমিকম্প আমরা এর আগে কখনো অনুভব করিনি। তিনি বলেন, বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে, এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে।
রিজওয়ানা হাসান বলেন, নতুন ভবনগুলোতে বিল্ডিং কোড মানা হলেও রাজধানীর পুরোনো ভবনগুলোর বেশিরভাগই কোনো অনুমোদন ছাড়াই তৈরি। রাজউকের পরিসংখ্যানেও ৯০ শতাংশ ভবনেই ব্যত্যয় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই পুরোনো ভবনগুলোর জন্য প্রকৌশলগত সমাধান এবং ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়া জরুরি বলেও জানান তিনি।
উচ্চ ভবন নির্মাণের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, বিতর্কের সুযোগ নেই, কারণ জনসংখ্যার চাপে ওপরের দিকেই যেতে হবে। তবে তিনি সতর্ক করেন, এটি যেন পরিবেশের দাম দিয়ে না হয়। জলাশয় ভরাট ও পাহাড় কেটে অবকাঠামো নির্মাণের বিরুদ্ধেও তিনি সতর্ক থাকার আহ্বান জানান।
আরটিভি/এআর




