
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নব নির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি শপথগ্রহণ করবেন। এ উপলক্ষে গঠিত অভিষেক কমিটিতে দশজন বাংলাদেশি স্থান পেয়েছেন।
গত ৪ নভেম্বর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন ৩৪ বছর বয়সী মামদানি। ইতিহাসে গৌরবোজ্জ্বল রেকর্ড সৃষ্টি করে প্রথমবারের মতো কোনো মুসলিম মেয়র সিটির দায়িত্ব গ্রহণ করবেন।
অভিষেক কমিটিতে স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন- নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, আসালের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, ফারিরা আক্তার, আরমান চৌধুরী সিপিএ, শাহরিয়ার রহমান, তাজিন আজাদ, ইমরান পাশা এবং চুমতলি হক।
অভিষেক কমিটির ৪০০ জনের অধিক নামের তালিকায় অন্য কোনো বাংলাদেশি থাকলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের চিহ্নিত করা যায়নি। বাংলাদেশিরা নিজ নিজ যোগ্যতায় ট্রানজিশন টিমের গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে স্থান পেয়েছেন বলেই দেখা গেছে।
৪০০ জনের তালিকা ধরে বাংলাদেশি ও দক্ষিণ এশীয়দের নাম চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এরমধ্যে ৯ জন বাংলাদেশি, ১১ জন পাকিস্তানি এবং ১৬ জন ভারতীয়কে চিহ্নিত করা গেছে। ভারতীয় এবং পাকিস্তানিদের মধ্যে রয়েছেন ১০ জন পাঞ্জাবি, ৪ জন ইন্ডো—কারিবিয়ান ছাড়াও ইমরান পাশা নামের একজন রয়েছেন।
উল্লেখ্য, এবারের মেয়র নির্বাচনে নিউইয়র্কে বসবাসরাত শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলমান মামদানিকে ভোট দিয়েছেন এবং তার জন্য কাজ করেছেন। এর কৃতজ্ঞতাস্বরূপ ৯ জন বাংলাদেশিকে তার অভিষেক টিমে স্থান দিয়েছেন।
এটি নিউইয়র্কের রাজনীতিতে বাংলাদেশিদের কাজের গৌরবজনক ফলাফল। এমন বিরল স্বীকৃতি প্রথমবারের মতো পেয়েছেন বাংলাদেশিরা। যদিও অতীতে বাংলাদেশিদের এমন একটি সন্মানজনক কমিটিতে স্থান পাওয়া ছিল কষ্টসাধ্য।
আরটিভি/এফএ




