কক্সবাজার ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এই কম্পন হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকায়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৬ দশমিক ৮ কিলোমিটার। মিয়ানমারের সাগাইংসহ উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট অঞ্চলও এই কম্পনের প্রভাবে ছিল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও একই মাত্রা ও উৎপত্তিস্থলের তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, ইউএসজিএসের বরাত দিয়ে এই ভূমিকম্পের একই তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাদের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানায়, ভূমিকম্পের সময় রাত ১২টা ৫৫ মিনিট ১৬ সেকেন্ড। ভূমিকম্পটির মাত্রা : ৪.৯ (রিখটার স্কেল), গভীরতা: ১০৬.৮ কিলোমিটার।
প্রসঙ্গত, সোমবার (১ ডিসেম্বর) ভূমিকম্পটি নিয়ে অষ্টমবারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। শুরু হয়েছিল গত ২১ নভেম্বর শুক্রবার। সেদিন নরসিংদীতে ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এরপর থেকে টানা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েই চলেছে।
আরটিভি/এএ





