
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল এই মুহূর্তে কোথায় আছেন, সেই প্রশ্নে এবার মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে এ নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
হাদি হত্যাকাণ্ডের মূল আসামি কোথায় আছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এখন যদি... কোথায় আছে জানলে তো তাকে ধরেই ফেলতাম। যদি আমাদের কাছে ওইরকম নিউজটা থাকত, তাহলে তো ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। বাট আমরা এক্সজ্যাক্ট লোকেশন যদি জানতে পারতাম, তাহলে তো...।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘যদি ওই আসামি বিদেশে গিয়েও থাকে, সেটা বৈধপথে না। এখন অবৈধ পথে গেছে কিনা; এটাও তো আমি বলতে পারব না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এরইমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে যৌথবাহিনী অর্থাৎ পুলিশ, র্যাব, বিজিবি গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূলহোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, মা ও বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান।
গতকাল সারাদিন গুঞ্জন চলছে যে আপনি পদত্যাগ করছেন, এ বিষয়ে এখন কী বলবেন, প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পদত্যাগ করলে তো আর এখানে বসতাম না।’
দেশে নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ রাজনীতিবিদকে একজন করে গানম্যান দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের আমরা গানম্যান দিয়ে দিয়েছি। আমাদের যে ডিজিএফআই, এনএসআই এবং এসবি আছেন- তারা নিজেরা বসে কারা কারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের তালিকা করেছেন। তাদের গানম্যান দেওয়া হয়েছে, অনেকে অবশ্য গানম্যান নিতেও চাননি।
এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন সব আপনাদেরকে তো বলে দেওয়া যাবে না। নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরটিভি/এসএইচএম




