সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

আরটিভি নিউজ  

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৬:১৯ পিএম


সিআইডির প্রধান হলেন আলি আকবর খান
আলি আকবর খান। ছবি: সিআইডি

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি আলি আকবর খান। 

সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি কর্মক্ষেত্রে সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে বেশ সমাদৃত।

আরও পড়ুন

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আলি আকবর খান দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত মানবপাচার প্রতিরোধ, বৈধ অভিবাসন উৎসাহিতকরণ ও অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিতকরণবিষয়ক আন্তর্জাতিক কর্মশালা এবং মালদ্বীপে অনুষ্ঠিত মানবপাচার ও অভিবাসী পাচারসংক্রান্ত তথ্য সংগ্রহবিষয়ক আঞ্চলিক কর্মশালা উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে নিজের পেশাগত জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছেন।

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংস্থাটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, তার যোগ্য নেতৃত্ব, দূরদৃষ্টি ও দীর্ঘ কর্মঅভিজ্ঞতার মাধ্যমে সিআইডির অপরাধ অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission