জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৯:১৭ এএম


‘জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার’
সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় দেশে সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। সমাজের কোনো মানুষকে সরকারি উন্নয়ন কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে না।

বুধবার (১ জুলাই) বিকেলে দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সবাই যেন ভালো থাকতে পারি এবং একসঙ্গে কাজ করতে পারি, সে লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগাতে হবে। একইসঙ্গে প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও গুরুত্ব দিতে হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। শুধু প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না, প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে হবে, যাতে তাদের জীবনমানের বাস্তব উন্নয়ন ঘটে।

আরও পড়ুন

তিনি বলেন, দেশটা সবার, তাই দেশ গড়ার দায়িত্বও সবার। আমাদের সবার স্লোগান হোক- ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের দৃশ্যমান সুফল ইতোমধ্যে দেশের মানুষ দেখতে পাচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই মাস শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে বহু জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন, অনেকে গুরুতর আহত হয়েছেন। জুলাইয়ের প্রথম দিনে আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

ডা. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা. জিলুফা সুলতানা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুকনুজ্জামান মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জনের প্রত্যেককে একটি করে গরু ও একটি করে ছাগল দেওয়া হয়। এ ছাড়া ১১ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে একটি করে হুইলচেয়ার দেওয়া হয়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission