পে স্কেলের সুপারিশ মন্ত্রিসভায় কবে যাচ্ছে, জানা গেল সময়

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০১:০৫ পিএম


পে স্কেলের সুপারিশ মন্ত্রিসভায় কবে যাচ্ছে, জানা গেল সময়
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেলের সুপারিশ আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর গেজেট জারির মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।

সোমবার (৬ জুলাই) জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশ প্রণয়ন কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বৃদ্ধি হবে না। নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন।

সভা সূত্রে জানা গেছে, সচিব কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসে চূড়ান্ত সুপারিশ পর্যালোচনা করবে। এরপর অর্থমন্ত্রীর সম্মতি সাপেক্ষে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। কোনো কারণে আগামী সপ্তাহে সম্ভব না হলে পরবর্তী সপ্তাহের মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা জানান, বিচার বিভাগ-সংক্রান্ত কিছু কারিগরি বিষয় নিষ্পত্তির জন্য অতিরিক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বিষয় চূড়ান্ত হওয়ার পরই সুপারিশ মন্ত্রিসভায় পাঠানো হবে।

মন্ত্রিসভা চাইলে সুপারিশে সংযোজন, বিয়োজন বা সংশোধন করতে পারবে। অনুমোদন শেষে সরকারি গেজেট প্রকাশ করা হলে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে।

বৈঠকে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি কয়েকটি ভাতা একীভূত করা এবং নতুন কিছু সুবিধা যুক্ত করার প্রস্তাবও রয়েছে। চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা ও পেনশন কাঠামো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission