ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের প্রচলিত ভাতা নির্ধারণ হবে যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: সংগৃহীত

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী চলতি অক্টোবর মাসের শেষেই বাড়তি হারে মূল বেতন পেতে শুরু করবেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি চাকরিজীবীদের চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাবহির্ভূত মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতাগুলো আপাতত ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করা হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপনটি সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাবহির্ভূত মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতা পেয়ে থাকেন, সেসব ভাতা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুন তারিখে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও প্রদান করতে হবে।

অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম। এতে উল্লেখ করা হয়েছে- রাষ্ট্রপতির আদেশক্রমে নির্দেশনাটি জারি করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট প্রকাশ করা হয়। নতুন এ বেতনস্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। একই সঙ্গে ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে পাবেন সরকারি কর্মচারীরা।

গেজেটে বলা হয়, নতুন বেতনস্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন স্কেলে নির্ধারিত বেতন এবং ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য বর্তমান বেতনের পার্থক্যের ৪০ শতাংশ ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের এবং ৫০ শতাংশ ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে।

পরবর্তী ধাপে ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের ক্ষেত্রে ওই পার্থক্যের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৭৫ শতাংশ দেওয়া হবে। এরপর ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ মূল বেতন শতভাগ দেওয়া হবে।

গ্রেড ১ থেকে ৪
নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

গ্রেড-২-এর আগের বেতন ৬৬ হাজার টাকা থেকে শুরু হলেও নতুন স্কেলে শুরু হচ্ছে ১ লাখ ৩২ হাজার টাকা দিয়ে। এ গ্রেডের সর্বোচ্চ বেতন নতুন কাঠামোয় ১ লাখ ৫৩ হাজার টাকা।

গ্রেড-৩-এর আগের বেতন ৫৬ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৭৪ হাজার ৪০০ টাকা পর্যন্ত। নতুন স্কেলে এ গ্রেডের বেতন ১ লাখ ১৩ হাজার টাকা থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

গ্রেড-৪-এর আগের বেতন ৫০ হাজার টাকা থেকে শুরু। নতুন স্কেলে তা ১ লাখ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

গ্রেড ৫ থেকে ৮
গ্রেড-৫-এর আগের বেতন ৪৩ হাজার টাকা থেকে শুরু হয়ে ৬৯ হাজার ৮৫০ টাকা পর্যন্ত। নতুন স্কেলে শুরু হচ্ছে ৮৬ হাজার টাকা দিয়ে এবং সর্বোচ্চ ধাপ ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা।

গ্রেড-৬-এর আগের বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু হলেও নতুন স্কেলে শুরু হবে ৭১ হাজার টাকা দিয়ে। এ স্কেলের সর্বোচ্চ বেতন ১ লাখ ৩৪ হাজার টাকা।

গ্রেড-৭-এর আগের বেতন ২৯ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬৩ হাজার ৪১০ টাকা। নতুন স্কেলে শুরু হচ্ছে ৫৮ হাজার টাকা দিয়ে এবং সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা।

গ্রেড-৮-এর আগের বেতন ২৩ হাজার টাকা থেকে শুরু। নতুন স্কেলে এ গ্রেডের বেতন ৪৬ হাজার টাকা থেকে ১ লাখ ১০ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

গ্রেড ৯ থেকে ১২
গ্রেড-৯-এর আগের বেতন ২২ হাজার টাকা থেকে শুরু হয়ে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত। নতুন স্কেলে শুরু হচ্ছে ৪৪ হাজার টাকা দিয়ে এবং সর্বোচ্চ ধাপ ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

গ্রেড-১০-এর আগের বেতন ১৬ হাজার টাকা থেকে শুরু হলেও নতুন স্কেলে তা বেড়ে ৩২ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। সর্বোচ্চ বেতন হবে ৭৭ হাজার ৩০০ টাকা।

গ্রেড-১১-এর আগের বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়ে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। নতুন স্কেলে শুরু হচ্ছে ২৫ হাজার টাকা দিয়ে এবং সর্বোচ্চ ধাপ ৬০ হাজার ৫০০ টাকা।

গ্রেড-১২-এর আগের বেতন ১১ হাজার ৩০০ টাকা থেকে শুরু। নতুন স্কেলে তা ২৪ হাজার ৩০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৫৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত হয়েছে।

গ্রেড ১৩ থেকে ১৬
গ্রেড-১৩-এর আগের বেতন ১১ হাজার টাকা থেকে শুরু হয়ে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। নতুন স্কেলে শুরু হচ্ছে ২৪ হাজার টাকা দিয়ে এবং সর্বোচ্চ বেতন ৫৮ হাজার টাকা।

গ্রেড-১৪-এর আগের বেতন ১০ হাজার ২০০ টাকা থেকে শুরু। নতুন স্কেলে শুরু হচ্ছে ২৩ হাজার ৫০০ টাকা দিয়ে এবং সর্বোচ্চ ৫৬ হাজার ৮০০ টাকা।

গ্রেড-১৫-এর আগের বেতন ৯ হাজার ৭০০ টাকা থেকে শুরু হয়ে ২৩ হাজার ৪৯০ টাকা পর্যন্ত। নতুন স্কেলে তা ২২ হাজার ৮০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৫৫ হাজার ২০০ টাকা পর্যন্ত হয়েছে।

গ্রেড-১৬-এর আগের বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে শুরু। নতুন স্কেলে শুরু হচ্ছে ২১ হাজার ৯০০ টাকা দিয়ে এবং সর্বোচ্চ ধাপ ৫২ হাজার ৯০০ টাকা।

গ্রেড ১৭ থেকে ২০
গ্রেড-১৭-এর আগের বেতন ৯ হাজার টাকা থেকে শুরু হয়ে ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত। নতুন স্কেলে শুরু হচ্ছে ২১ হাজার ৪০০ টাকা দিয়ে এবং সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা।

গ্রেড-১৮-এর আগের বেতন ৮ হাজার ৮০০ টাকা থেকে শুরু। নতুন স্কেলে শুরু হচ্ছে ২১ হাজার টাকা দিয়ে এবং সর্বোচ্চ ধাপ ৫০ হাজার ৯০০ টাকা।

গ্রেড-১৯-এর আগের বেতন ৮ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়ে ২০ হাজার ৫৭০ টাকা পর্যন্ত। নতুন স্কেলে শুরু হচ্ছে ২০ হাজার ৫০০ টাকা দিয়ে এবং সর্বোচ্চ ৪৯ হাজার ৬০০ টাকা।

সবশেষে গ্রেড-২০-এর আগের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে শুরু হয়ে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত ছিল। নতুন স্কেলে এ গ্রেডের বেতন ২০ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

যেভাবে নতুন বেতন নির্ধারণ হবে
গেজেটে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে বা তার আগে কোনো কর্মচারী যে মূল স্কেল, উচ্চতর গ্রেড বা অন্য কোনো গ্রেড/স্কেল পেতেন, ১ জুলাই ২০২৬ থেকে তার বিপরীতে নির্ধারিত নতুন অনুরূপ স্কেল প্রাপ্য হবেন।

কোনো কর্মচারী বর্তমান স্কেলের প্রারম্ভিক ধাপে বেতন পেলে নতুন স্কেলেরও প্রারম্ভিক ধাপে তার বেতন নির্ধারণ করা হবে। আর প্রারম্ভিক ধাপের চেয়ে বেশি বেতন পেলে বর্তমান বেতন ও সংশ্লিষ্ট স্কেলের সর্বনিম্ন ধাপের পার্থক্য বের করে তা নতুন স্কেলের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ করা হবে। যোগফল নতুন স্কেলের কোনো ধাপের সঙ্গে মিলে গেলে সেই ধাপে এবং কোনো ধাপের সঙ্গে না মিললে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করা হবে।

গেজেটের উদাহরণে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে কোনো কর্মচারীর মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা হলে ১ জুলাই থেকে সংশ্লিষ্ট নতুন স্কেলের প্রারম্ভিক ধাপ ২১ হাজার ৯০০ টাকা নির্ধারিত হবে। অর্থাৎ নতুন বেতনস্কেলে শুধু প্রারম্ভিক বেতনই নয়, চাকরিজীবনের বিভিন্ন ধাপের বেতনও নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারিত হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রেমিট্যান্সে সুবাতাস, ৯ দিনে এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। সোমবার (৯ নভেম্বর) প্রবাসী আয় এসেছে ১৫ কোটি ৩০ লাখ ডলার বা এক হাজার ৮৯৭ কোটি ২০ লাখ টাকা।
রেমিট্যান্সে সুবাতাস, ৯ দিনে এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা
‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ
দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান প্রকাশের আগে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি দাম বাড়লেও মঙ্গলবার (১০ নভেম্বর) বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এই পতন দেখা যায়।
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, খাদ্যে স্বস্তি
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত অক্টোবর মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, খাদ্যে স্বস্তি
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ কমে ৯২ দশমিক ৩৩ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে যায়। একপর্যায়ে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে জ্বালানি তেলটির দাম। সোমবার ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা নেই তার। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এবং পরে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আপাতত হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ইস্যুতে ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক বাজার। তবে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা এখনও ঘটছে। যদিও পরিস্থিতি এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি, যাতে বাজারে নতুন করে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শিগগিরই শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, কল্পিত আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি বন্ধ করতে হবে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে উত্থাপিত সাতটি শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে, তেল সরবরাহের ক্ষেত্রে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদন বেড়েছে। রয়টার্সের এক জরিপ অনুযায়ী, অক্টোবরে সৌদি আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বৃদ্ধির কারণে জোটটির সামগ্রিক তেল উৎপাদন বেড়েছে। তবে রপ্তানির ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে। এদিকে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দিনের আলোচনায় বসার পরিকল্পনা করেছেন। গত ফেব্রুয়ারির পর এটিই দুই দেশের মধ্যে প্রথম বৈঠক। গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসানে একটি বৃহত্তর শান্তিচুক্তি সম্ভব হতে পারে। এতে ইউরোপের নিরাপত্তার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। আরটিভি/এসকে
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
আরও পড়ুন
দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্থাপিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
নতুন কাঠামোয় আজ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা
সরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত