ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সারাদেশে শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ এএম
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এর সর্বোচ্চ প্রকোপের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ ঘোষণা করেছেন।

প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।

সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়টা ডেঙ্গু সংক্রমণের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আগামী তিন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ হতে পারে।

আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আনুষ্ঠানিকভাবে এই অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বয় করে রেড ক্রিসেন্ট, স্কাউটস, রোভার স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের স্বেচ্ছাসেবক দল এবং বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই অভিযানে অংশ নেবে।

একই সময়ে দেশের অন্য ১১টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৬৪টি জেলা প্রশাসন এবং ৫০৩টি উপজেলা প্রশাসনেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম জানান, দেশব্যাপী প্রতি শনিবার এই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাগুলো প্রতিদিন তাদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাবে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৫ হাজার ৪৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে প্রায় ৩ হাজার ২০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক।

তিনি বলেন, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুর সংক্রমণ বেশি। এসব এলাকায় এডিস মশার প্রজননস্থলও রয়েছে অনেক।

পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এবং নিজেদের বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখতে জনগণকে উৎসাহিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

একই সঙ্গে বাড়ির আশপাশে জমে থাকা পানি, আবর্জনা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব জেলা ও উপজেলায় পরিস্থিতি বেশি উদ্বেগজনক, সেখানে অতিরিক্ত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা পাঁচটি করে শয্যা সংরক্ষিত রাখা হবে।

সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন মজুত রয়েছে বলেও জানান তিনি।

ডেঙ্গু আক্রান্তদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে এবং তাদের মাধ্যমে অন্যদের মাঝে যেন ভাইরাস ছড়িয়ে না পড়ে, সেজন্য হাসপাতালেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেশজুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে সরকারের এই অভিযানে সংসদ সদস্যসহ সব শ্রেণির মানুষকে সহযোগিতার আহ্বান জানান মীর শাহে আলম।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাষ্ট্রপতির সঙ্গে বুটেক্স প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
রাষ্ট্রপতির সঙ্গে বুটেক্স প্রতিনিধিদলের সাক্ষাৎ
৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ
ঢাকা-কুমিল্লার মধ্যে রেল যোগাযোগ আরও সহজ ও দ্রুত করতে প্রায় ৬০ হাজার কোটি টাকা ব্যয়ে ৯০ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ হচ্ছে।
৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ
প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক নতুন চারটি বইয়ের প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দিয়েছে ‘জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’ (এনসিসি)।
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
বিশ্বশান্তি ও মানবসেবায় লাল-সবুজের পতাকা উজ্জ্বল করছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা
আফ্রিকার সংঘাতকবলিত বিভিন্ন অঞ্চলে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আন্তরিক সেবার মাধ্যমে বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা সমুন্নত রেখেছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সদস্যরা।
বিশ্বশান্তি ও মানবসেবায় লাল-সবুজের পতাকা উজ্জ্বল করছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা
আরও পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু ৭, রেকর্ড ভর্তি ২২৪৯
চসিকের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৯৯
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ