
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে ২৩ সেপ্টেম্বর (বুধবার) । ধর্মীয় গুরুত্ব বহনকারী দিনটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর খোলা রাখা বা বন্ধ থাকা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন তৈরি হয়েছে।
সরকারি ছুটির ধর্মীয় ও সাধারণ তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম একটি ঐচ্ছিক ছুটি। ফলে এটি কোনো বাধ্যতামূলক সাধারণ সরকারি ছুটি নয়। এই দিনে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলো যথারীতি খোলা থাকবে।
বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
তবে শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে তাদের নিজস্ব ছুটির তালিকা মেনে পাঠদান বন্ধ রাখতে পারে। প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হবে ওই দিন ক্লাস অনুষ্ঠিত হবে কি না।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
তবে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেউ যদি ঐচ্ছিক ছুটি নেয় তাহলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের কর্মজীবীরা ঐচ্ছিক ছুটির বিধান অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এদিন ছুটি ভোগ করতে পারবেন।
উল্লেখ্য, হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবস (মৃত্যুবার্ষিকী) হিসেবে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় ফাতেহা-ই-ইয়াজদাহম অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকে।
আরটিভি/এমএ



