ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগ আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য লজ্জার’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সম্প্রতি পদত্যাগ করা সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। এত উচ্চপর্যায়ের একটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা তার ছিল না বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সায়মা ওয়াজেদের নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, এটা কোনো বিস্ময়ের বিষয় ছিল না। বিশ্বাসযোগ্য কোনো যোগ্যতা ও দক্ষতা না থাকা সত্ত্বেও শুধু তিনি সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে—এই কারণে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলকে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে নিয়োগ দেওয়ার ঘটনাকে আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য ‘লজ্জার’ বিষয় বলেও বর্ণনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে আরও গুরুত্ব ও যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

হুমায়ুন কবির বলেন, এমন মানুষ দরকার, যারা সংস্থার নেতৃত্ব দিতে পারবেন। এসব নিয়োগের ক্ষেত্রে খুবই সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

ভবিষ্যতে উপযুক্ত যোগ্যতাসম্পন্ন কোনো প্রার্থীকে বাংলাদেশ সমর্থন করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে তিনি মালদ্বীপের একজন প্রার্থীর কথা উল্লেখ করেন, যার ভালো রেকর্ড ও শক্তিশালী যোগ্যতা রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, অদূর ভবিষ্যতে ডব্লিউএইচও উপযুক্ত নেতৃত্বের হাতে থাকবে।

কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিবার বা শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোর কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কোনো নিয়োগের ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা শেষ পর্যন্ত প্রকাশ্যে আসবে বলেও জানান।

দেশ থেকে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন দ্বিপক্ষীয় অংশীদারের সঙ্গে এ বিষয়ে কাজ করছে। যুক্তরাজ্যের সঙ্গেও বাংলাদেশের এ বিষয়ে একটি অংশীদারত্ব রয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ফরেনসিক দক্ষতা ও সহযোগিতা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা কাজ করব, যাতে বাংলাদেশের মানুষের কাছ থেকে চুরি করা সম্পদ ও অর্থ উদ্ধার করা যায়। যাতে জনগণ তাদের অর্থ ফিরে পায় এবং সেই অর্থ তাদের জন্য ব্যয় করা হয়, তা বিদেশে নিয়ে পালিয়ে যাওয়ার পরিবর্তে।

আরটিভি/এমএ


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেট্রোবাংলায় বিশাল নিয়োগ, বাড়ল আবেদনের সময়
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও এর আওতাধীন কোম্পানিগুলোতে ৭৫৩টি পদে কর্মকর্তা নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। শনিবার (১৪ নভেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোবাংলা এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে নবম ও দশম গ্রেডে প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারের ৩৬টি ক্যাটাগরিতে মোট ৭৫৩টি পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের জন্য গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৭ নভেম্বর। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় সিলেকশন কমিটির সদস্য-সচিবের পক্ষ থেকে এ সময়সীমা বাড়ানোর তথ্য জানানো হয়েছে। আরটিভি/এসআর
পেট্রোবাংলায় বিশাল নিয়োগ, বাড়ল আবেদনের সময়
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
কয়েক মাস আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে বিভক্ত করে দেশের ৬৫৩তম থানা হিসেবে ‘হালদা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়। এবার আরও একটি নতুন থানা পেতে যাচ্ছে দেশ। বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এটি বাস্তবায়ন হলে ৬৫৪তম থানা পেতে যাচ্ছে দেশ।  জানা গেছে, বৈঠকে নতুন থানা, পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবসহ মোট সাতটি প্রস্তাব বৈঠকে যাচাই-বাছাই শেষে সাতটি প্রস্তাবের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে চারটিতে সুপারিশ করার সিদ্ধান্ত, একটি নাকচ এবং বাকি দুটিতে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। বৈঠকে জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা, সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত হয়। অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করা হয়েছে। এ ছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা বা থানা গঠনের মতো প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব চূড়ান্তভাবে বিবেচনার জন্য নিকার সভায় উপস্থাপনের আগে প্রাক-নিকার সচিব কমিটিতে আলোচনা করা হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো এসব প্রস্তাব যাচাই-বাছাই করে কমিটি নিকার সভায় সুপারিশ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেয়। বৈঠকে জয়পুরহাট জেলার কালাই থানাধীন মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় ‘মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র’ স্থাপনের প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়। স্থানীয় পর্যায়ে পুলিশি কার্যক্রম পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় তদন্তকেন্দ্র স্থাপনের বিষয়টি প্রস্তাবে তুলে ধরা হয়েছে। ময়মনসিংহ জেলার নবসৃষ্ট উপজেলা দক্ষিণ গফরগাঁওয়ের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার কথা বলা হয়েছে। নতুন উপজেলার নামের সঙ্গে থানার নামের সামঞ্জস্য রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা গঠনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়। জানা গেছে, জৈন্তাপুর পৌরসভা গঠনের উদ্যোগের অংশ হিসেবে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে পৌরসভা গঠনের প্রস্তাবটি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হয়। এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবটি বাস্তবায়িত হলে মোকামতলা উপজেলার জন্য পৃথক থানা হবে। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করেছে প্রাক-নিকার সচিব কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে বৈঠকে প্রস্তাবটি সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ নামে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দিয়েছে কমিটি। আইন ও বিচার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়। তবে বৈঠকে প্রস্তাবটির বিষয়ে চূড়ান্ত সুপারিশ করা হয়নি। একইভাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ হিসেবে রূপান্তরের প্রস্তাবেও পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়। প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে কোনো প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়ার অর্থ হলো, প্রস্তাবটির বিষয়ে আরও তথ্য, ব্যাখ্যা বা প্রয়োজনীয় সংশোধনের প্রয়োজন রয়েছে বলে মনে করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা সংযোজন করে আবার উপস্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে এসব বিষয় পর্যালোচনা করে কমিটি সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্মসচিব বলেন, সাতটি প্রস্তাবের মধ্যে চারটি সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। একটি প্রস্তাব নাকচ করা হয়েছে এবং বাকি দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ পাওয়া প্রস্তাবগুলোতে কমিটির নির্দেশনা পূরণ করে পুনরায় উপস্থাপন করতে হবে। এরপর সেগুলো নিয়ে আবার আলোচনা হবে।  তিনি আরও বলেন, সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া ৪ প্রস্তাবের বিষয়ে নিকার সভায় মূল সিদ্ধান্ত হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন পেলেই এগুলো বাস্তবায়ন করা হবে। তবে নিকার সভা কবে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আরটিভি/এসআর
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি
জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। শিক্ষার্থীদের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে জার্মানি। তাই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল ব্যবস্থা চালু করছে জার্মান দূতাবাস। এর ফলে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ আরও বাড়বে, যা উভয় দেশের জন্যই ইতিবাচক। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির প্রতিটি ধাপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষার কথা বিবেচনায়, আবেদন প্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে জার্মান দূতাবাস শিগগিরই এই ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) ব্যবস্থাটি চালু করা হবে।  স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা এবং এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমিয়ে আনাই এ উদ্যোগের লক্ষ্য। নতুন ব্যবস্থায় আবেদনকারীদের জন্য যেসব সুবিধা থাকছে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড  (doc submission) করতে পারবেন। ভিএফএস (VFS)-এর মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুবিধা পাবেন। অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া দ্রুততর হবে। ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সহজেই জানতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দিতে পারবেন। জার্মানিতে উচ্চশিক্ষার পথে শিক্ষার্থীদের প্রস্তুতি নতুন ব্যবস্থার ফলে আরও সুসংগঠিত হবে। যদিও প্রতিটি আবেদনের প্রেক্ষাপট বিবেচনায় প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে, নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাই এর সময় পূর্বের তুলনায় কমে আসবে, যা সামগ্রিক আবেদন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সহায়তা করবে। অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের ক্ষেত্রে কী হবে? অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন এবং সামগ্রিক আবেদন প্রক্রিয়ার উন্নয়নে নতুন এ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ পরিবর্তনের অংশ হিসেবে, আগের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে । অর্থাৎ যেসব সম্ভাব্য শিক্ষার্থী ইতোমধ্যে আগের অপেক্ষমাণ তালিকায় নিবন্ধন করেছেন, তাঁদেরসহ সব আবেদনকারীকে নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে। আগের ব্যবস্থার অধীনে দীর্ঘদিন অপেক্ষমাণ আবেদনকারীদের জন্য এ পরিবর্তন সাময়িকভাবে অসুবিধাজনক হলেও, নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়াটি আরও গতিশীল হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে। এর ফলে আগের তুলনায় অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে। যেভাবে আবেদন করবেন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনায় আগ্রহী সকল শিক্ষার্থী নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা করতে পারবেন: https://digital.diplo.de/ আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা ডিজিটাল পোর্টাল লিঙ্কে এবং দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আরটিভি/এসআর
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি
শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেছেন, শেখ হাসিনার সময় চলে গেছে। ক্ষমতার সর্বোচ্চ আসনে বসার ক্ষেত্রে আমার ধারণা, সেটি আর হবে না।
শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
আরও পড়ুন
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির