
অবশেষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ সচিবালয়।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এসব তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ৩১ একর জমির ওপর নির্মিত হবে নতুন সচিবালয়। এই পুরো প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করা হবে। নতুন এই সচিবালয়ে ২০২৯ সালে অফিস করা যাবে বলেও জানান তিনি।
বৈঠকে একইসঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মন্ত্রিপরিষদ নাসিমুল গনিসহ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
রোববারের এই বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।
আরটিভি/এসএইচএম


