
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৬২ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
এর আগে মন্ত্রণালয় জানিয়েছে, শাহেদের নিয়োগদাতা প্রতিষ্ঠান সাদ আল-ইসা কন্ট্রাকটিং কোম্পানি তার বকেয়া বেতন, ভাতা ও চাকরিসংক্রান্ত পাওনা বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ব্যাংক হিসাবে জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।
প্রবাসীকল্যাণ বোর্ডের মাধ্যমে শিগগিরই এই অর্থ শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
৩৬ বছর বয়সী শাহেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. রফিকুল ইসলাম ও শাহেরা বেগমের সন্তান। ২০১৩ সাল থেকে জেদ্দায় প্লাম্বার হিসেবে কাজ করছিলেন তিনি।
আরটিভি/এমএম




