
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০২২ সালে বাফেলোর একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় ১০ কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা যাবে না বলে রায় দিয়েছেন অঙ্গরাজ্যটির সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (২৩ নভেম্বর) ৪-৩ ভোটে দেওয়া এ রায়ে গুগল, ইউটিউব, মেটা, ইনস্টাগ্রাম, রেডিট ও স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ বহাল রাখা হয়েছে।
আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকদের মতে, হামলাকারী পেটন জেনড্রনের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নকশা ও পরিচালনাগত সিদ্ধান্তের স্বাভাবিক ও অনুমানযোগ্য পরিণতি—এমন প্রমাণ ভুক্তভোগীদের স্বজনেরা দিতে পারেননি। বিচারকদের মতে, হামলাকারীর কর্মকাণ্ড এতটাই অস্বাভাবিক ছিল যে এর দায় প্রতিষ্ঠানগুলোর ওপর বর্তায় না।
তবে আদালতের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিচারপতি জেনি রিভেরা। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা ও এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব সম্পর্কে অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব বিচারকদের নয়, বরং তা বিচারকদের সামনে উপস্থাপন করে জুরিদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত।
২০২২ সালের ১৪ মে নিউইয়র্কের বাফেলো শহরের টপস ফ্রেন্ডলি মার্কেটস নামের একটি সুপারমার্কেটে হামলা চালান ১৮ বছর বয়সী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী পেটন জেনড্রন। এ ঘটনায় ১০ জন কৃষ্ণাঙ্গ নিহত হন। হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তিনি উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত হয়েছিলেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে হত্যা ও বিদ্বেষপ্রসূত সন্ত্রাসবাদসহ বিভিন্ন অভিযোগে দোষ স্বীকারের পর তাকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় পৃথক একটি ফেডারেল মামলায় তার মৃত্যুদণ্ড হতে পারে। গত ১৩ অক্টোবর ওই মামলায় বিচারকাজের জন্য জুরি বাছাই শুরু হয়।
আরটিভি/জেএমএ



