ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশা চলাচলে নতুন নীতিমালা জারি করেছে সরকার।

নতুন এই নীতিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলতে পারবে না। একইসঙ্গে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস চলাচলের সড়কে এ ধরনের যান চলাচল একেবারে নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ গতিসীমা, যাত্রী ধারণক্ষমতা, নিবন্ধন ফি এবং চলাচলের রুটও।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ নামে জারি করা নীতিমালাটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিটি সিটি করপোরেশন সরকারের পূর্বানুমোদন নিয়ে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের সঙ্গে পরামর্শ করে নিজ নিজ এলাকায় ই-রিকশার সংখ্যা নির্ধারণ করবে। প্রয়োজনে পুরো সিটি করপোরেশন এলাকা অথবা নির্দিষ্ট জোনভিত্তিক এসব যান চলাচলের অনুমতি দেওয়া হবে।

নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, ই-রিকশার সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার বা ওডোমিটার স্থাপন করতে হবে।

এছাড়া জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক বা করিডোর এবং প্রশাসন কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সড়কে ই-রিকশা চলাচল করতে পারবে না। ফুটপাতেও এসব যান চালানো যাবে না। চালকদের সব সময় সড়কের বাম লেন অনুসরণ করতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, নিয়মবহির্ভূত ওভারটেকিং ও লেন পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে।

ই-রিকশায় চালক ছাড়া আকারভেদে সর্বোচ্চ দুই অথবা চারজন যাত্রী পরিবহন করা যাবে। যাত্রীদের হাতে বহনযোগ্য মালামাল ছাড়া অন্য কোনো বাণিজ্যিক পণ্য পরিবহন করা যাবে না। পাশাপাশি ৪০ ডেসিবেলের বেশি তীব্রতার হর্ন ব্যবহার করা যাবে না।

নিবন্ধনের ক্ষেত্রে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, নিবন্ধন ফি জমার রসিদ এবং নির্ধারিত ফিটনেস সনদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

আবেদন যাচাই-বাছাই শেষে সব শর্ত পূরণ হলে ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেওয়া হবে। প্রতিটি নিবন্ধিত ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত একটি স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নম্বর প্লেট দেওয়া হবে। কিউআর কোডযুক্ত নিবন্ধন নম্বর গাড়ির দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।

নতুন বিধিমালায় দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি চার হাজার টাকা। অন্যদিকে চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি পাঁচ হাজার টাকা। সব ধরনের ই-রিকশার ফিটনেস সনদের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।

সংশ্লিষ্ট সিটি করপোরেশন বিনামূল্যে কিউআর কোডযুক্ত নম্বর প্লেট ও বিস্তারিত তথ্যসংবলিত ব্লু-বুক সরবরাহ করবে। নিবন্ধন ও নবায়ন ফি থেকে পাওয়া অর্থ সংশ্লিষ্ট সিটি করপোরেশনের রাজস্ব আয় হিসেবে গণ্য হবে।

বিধিমালা অনুযায়ী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তা বৈশিষ্ট্য পূরণ করতে হবে প্রতিটি ই-রিকশাকে। ফিটনেস সনদ এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া কোনো ই-রিকশার নিবন্ধন বা নবায়ন করা যাবে না।

বর্তমানে সড়কে চলাচলকারী ই-রিকশাগুলোকেও নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন করে অনুমোদন নিতে হবে। প্রতিটি ই-রিকশার ব্যবহারযোগ্য অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর। এই সময় শেষ হলে নম্বর প্লেটসহ নিবন্ধন বাতিল করতে হবে। পর্যায়ক্রমে ই-রিকশাগুলোকে বিমার আওতায় আনা হবে।

ই-রিকশা চলাচলের রুট নির্ধারণ করবে সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ। সিটি করপোরেশন এলাকায় জোনভিত্তিক রুট নির্ধারণ করা হবে এবং এক জোনের ই-রিকশা অন্য জোনে চলতে পারবে না। জোন অনুযায়ী ই-রিকশার সংখ্যা ও নির্দিষ্ট রংও নির্ধারণ করা হবে।

পার্কিং ও চার্জিংয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিটি ওয়ার্ডে বা উপযুক্ত স্থানে প্রয়োজনীয় পার্কিং এলাকা নির্ধারণ করবে। অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত চার্জিং পয়েন্ট বা নির্দিষ্ট গ্যারেজে ই-রিকশার ব্যাটারি চার্জ দিতে হবে। এসব স্থানে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ব্যবস্থা রাখতে হবে।

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুরোনো বা অকার্যকর ব্যাটারি উন্মুক্ত স্থান, মাটি, জলাশয় কিংবা সাধারণ বর্জ্যে ফেলা বা পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্যাটারি ভাঙা বা গলানোর কাজও করা যাবে না।

এ ছাড়া ই-রিকশা উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। কমিটি বুয়েট নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করে উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশ করবে।

নতুন বিধিমালায় দুর্ঘটনার ক্ষেত্রে চালকের দায়বদ্ধতাও নির্ধারণ করা হয়েছে। দুর্ঘটনা ঘটলে চালককে তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে আহত ব্যক্তিদের সহায়তা করতে হবে এবং পুলিশকে জানাতে হবে।

নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানো, নির্ধারিত গতিসীমা অতিক্রম, অতিরিক্ত যাত্রী পরিবহন, অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ এলাকায় চলাচল, বিপজ্জনকভাবে গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল অমান্য এবং দুর্ঘটনার পর পালিয়ে যাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। এসব অপরাধের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

অবৈধ ও ত্রুটিপূর্ণ ই-রিকশা চলাচল বন্ধে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে অথবা পৃথকভাবে ব্যবস্থা নিতে পারবেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারের উদ্যোগ
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কলম্বোর জাতীয় সংসদে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনি আমারাসুরিয়া’র কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারের উদ্যোগ
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একদিনের সফরে উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে চলতি অধিবেশনের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং এদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী।  পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একই মঞ্চে এসে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি। এ সময় গোলামি ও তাবেদারি শক্তির বিরুদ্ধে হুংকার দিয়ে তিনি বলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। দেশকে কোনো তাবেদারের হাতে তুলে দেব না। গোলামির শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে। রিজার্ভ ও বৈদেশিক সফর প্রসঙ্গে সংসদ অধিবেশনে জানানো হয়, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এছাড়া বিদেশ সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পর এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে চুক্তি হয়নি, বরং সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে এবং আগামী সংসদ অধিবেশনে জাপান সফরের এমওইউ তুলে ধরা হবে। সাবেক সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার প্রতিবছর দুই লাখ কোটি ডলার পাচার করত। সেই সরকারের পতনের পর দেশের মানুষ বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে, গণতন্ত্র শক্তিশালী হচ্ছে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন। বলেন, দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে গত কয়েক মাসে বিভিন্ন হাসপাতালে নতুন করে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা যুক্ত করা হয়েছে। তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে শয্যাসংকটের কারণে বিপুলসংখ্যক রোগীকে বারান্দাসহ বিভিন্ন স্থানে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে এ ধরনের রোগীর সংখ্যা প্রায় ৪০ লাখ, যা অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে গেলেও সরকার স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। সীমিত সম্পদ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত কয়েক মাসে দেশের হাসপাতালগুলোতে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা বাড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং হাসপাতালগুলোতে রোগীদের ভোগান্তি কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রশ্নে এবিএম মোশাররফ হোসেন বলেন, তার নির্বাচনী এলাকার রাঙ্গাবালী উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস হলেও সেখানে কোনো সরকারি হাসপাতাল নেই। ফলে স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসাসেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  তিনি সম্প্রতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজান নানুর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন, উপজেলায় হাসপাতাল না থাকায় স্থানীয় বাসিন্দারা সময়মতো জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় রাঙ্গাবালীতে দ্রুত হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আপনি জানতে চেয়েছেন, এ বিষয়ে আমি কোনো পদক্ষেপ গ্রহণ করব কি না। প্রধানমন্ত্রী হিসেবে সরাসরি আমি পদক্ষেপ নিতে পারব না। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে। তবে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বে ফিরলে তাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারি, যাতে দ্রুত কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়। তিনি বলেন, রাঙ্গাবালীর মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে। আরটিভি/টিআর
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যান চলাচল স্বাভাবিক 
গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ জন গ্রেপ্তার
বসুন্ধরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২
ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার