ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম
প্রতীকী ছবি

ভারতের ভিসাপ্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে প্রবেশ করতে ইচ্ছুক সকল বিদেশি নাগরিকের জন্য একটি বৈধ জাতীয় পাসপোর্ট এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশন থেকে সংগৃহীত বৈধ ভিসাসহ আন্তর্জাতিক ভ্রমণ নথি থাকা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ফরম্যাটে ফর্ম জমা না দিলে ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত অ্যাডভাইজরিতে বলা হয়েছে, ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

হাইকমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণযোগ্য হবে। অন্য কোনো ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে আবেদন গ্রহণ করা হবে না।

সফলভাবে আবেদন সম্পন্ন ও জমা দেওয়ার পর, ওই আবেদনপত্রের যথাযথভাবে স্বাক্ষরিত প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় সহায়ক কাগজপত্রসহ সাক্ষাৎকারের নির্ধারিত দিনে সংশ্লিষ্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে অথবা সরাসরি ভারতীয় মিশনে জমা দিতে হবে।

ফর্ম পূরণ ও অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের নির্দেশিকা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন নির্দেশিকায় এবং গুরুত্বপূর্ণ কারিগরি তথ্য টেকনিক্যাল নির্দেশিকায় পাওয়া যাবে। এছাড়া ‘ভিসা এনকোয়ারি’ লিংকের মাধ্যমে ভিসার আবেদনের বর্তমান অবস্থা যাচাই করা যাবে। ভারতীয় ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ভারতীয় মিশনের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে আগামী সোমবার (৯ নভেম্বর) সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর (আজ) সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration) আবেদন করা যাবে। প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আরটিভি/টিআর
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ও মজবুত: মাহদী আমিন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ও মজবুত। এই সম্পর্ক কেবল মানুষে-মানুষে যোগাযোগের ভেতর সীমাবদ্ধ নেই, বরং তা উন্নয়ন অংশীদারত্বের এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ও মজবুত: মাহদী আমিন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান
শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালু করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) হার্ট সার্জারি কার্যক্রম চালুর জন্য ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে এ হাসপাতালে হার্ট সার্জারি চালুর উদ্যোগ গ্রহণ করেছিলেন। তবে সরকার পরিবর্তনের কারণে তাঁর সেই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মরহুম প্রধানমন্ত্রীর সেই অসমাপ্ত উদ্যোগ বাস্তবায়নে বর্তমান সরকার প্রয়োজনীয় জনবল নিয়োগসহ হাসপাতালে পূর্ণাঙ্গ হার্ট সার্জারি কার্যক্রম চালু করবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অডিটোরিয়ামে কলেজটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ  সুরাইয়া জেরিন রনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালটিতে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের লক্ষ্যে ৩৭টি ডায়ালাইসিস মেশিন কেনার টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই ডায়ালাইসিস সেবার সক্ষমতা বাড়িয়ে ৫০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া নেফ্রোলজি বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও প্রশিক্ষণের সুবিধার্থে একটি মাল্টি-হেড মাইক্রোস্কোপ সরবরাহ এবং হাসপাতালের শয্যা সংখ্যা আরো ২০টি বাড়ানোর ঘোষণা দেন তিনি। সাখাওয়াত হোসেন  বলেন, বগুড়া পুরো উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল।  এ কারণে এখানে ক্যানসার ও লিভারসহ জটিল রোগের উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো লিখিতভাবে জানাতে বলা হয়েছে। পর্যায়ক্রমে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালের চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিনি  বলেন, দেশের বড় বড় হাসপাতালগুলোতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে ১৫টি হাসপাতালে এই সেবা চালু হয়েছে। বগুড়াসহ যেসব হাসপাতালে এ ব্যবস্থা নেই, সেগুলোকেও পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদের বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন প্রমুখ।  আরটিভি/এসআর  
শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালু করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
আরও পড়ুন
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে ট্রাকচাপা দিলেন স্বামী
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা