
চলতি আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গত আমন মৌসুমের তুলনায় এক টাকা কমে সিদ্ধ চাল ও আতপ চাল এবং এক টাকা বেশিতে আমন ধান কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, আমন ধান সংগ্রহ শুরু হবে ১৪ নভেম্বর থেকে। এ সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে, এই কার্যক্রমও চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ মৌসুমে প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল এবং ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ‘কৃষকরা বিক্রি করতে চাইলে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টনের বেশি ধান কিনবে, সেই ব্যবস্থা রাখা হয়েছে।’
দেশের কোন এলাকায় কোন ফসল ভালো হয় জানতে ভূমি মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় জরিপ চালাচ্ছে। এছাড়া তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে, এই কমিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করে সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়ার ব্যাপারে সুপারিশ করবে।
আরটিভি/এসআর



