
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের প্রাধাক্ষ ড. মো: ছামিউল ইসলাম সরকার বলেছেন, ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি যেভাবে দিশেহারা জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন, ঠিক তেমনি ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি-জনতার সংহতির মধ্য দিয়ে দেশকে এক ভয়াবহ অরাজকতা থেকে রক্ষা করে সঠিক পথে এগিয়ে নেওয়ার বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। সিপাহি- জনতার সংহতি ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার ভুমিকা অপরিসীম ও অত্যান্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ছামিউল বলেন, দীর্ঘদিনের বঞ্চনা, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য, ভাষাগত পার্থক্য এবং ভৌগোলিক দূরত্বের প্রেক্ষাপটে পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালে বাংলাদেশ আনুষ্ঠানিক স্বাধীনতা অর্জন করলেও, স্বাধীনতাত্তোর সময়ে দেশ নানা সংকটে নিপতিত হয়।
তিনি বলেন, ১৯৭৪-৭৫ সালের ভয়াবহ দুর্ভিক্ষ, একদলীয় শাসনব্যবস্থা এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে চরম অস্থিতিশীলতা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সামরিক বাহিনীর অভ্যন্তরেও অস্থিরতা ছড়িয়ে পড়ে এবং একের পর এক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ঘটনা ঘটতে থাকে।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সংঘটিত এক সামরিক অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দি হন। সেই চরম ক্রান্তিকালে দেশ যখন নেতৃত্বশূন্যতা ও অনিশ্চয়তার মুখে, ঠিক তখনই ৭ই নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। দায়িত্ব গ্রহণের পর তিনি সর্বপ্রথম দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ শুরু করেন।
অধ্যাপক ছামিউল সরকার বলেন, একদলীয় শাসনব্যবস্থার পরিবর্তে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন এবং সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেন। বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি সকল দল ও মতের মানুষকে সাথে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করেছিলেন। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এবং দেশের খাদ্য সংকট নিরসনে তিনি কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনেন। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি করেন। পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল করতে তৈরি পোশাক (গার্মেন্টস) খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করেন এবং রপ্তানিমুখী শিল্পের ভিত্তি স্থাপন করেন, যা আজ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।
বর্হিবশ্বে শহিদ জিয়াউর রহমানের কৃতিত্ব বর্ণনা করে তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তিনি ভারসাম্যমূলক ও দূরদর্শী পররাষ্ট্রনীতি গ্রহণ করেন। মুসলিম বিশ্ব ও বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তিনি সৌদি আরব, চীন, ইউরোপ এবং আমেরিকা সফর করেন এবং বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক গড়ে তোলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, নির্লোভ ও প্রচারবিমুখ একজন রাষ্ট্রনায়ক।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ ও দর্শনের কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে জনগণের আস্থা অর্জন করে হাল ধরতে সক্ষম হয়েছে। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন ও দমন-পীড়ন মোকাবিলা করে জাতীয়তাবাদী শক্তি আজ আরও সুসংহত ও শক্তিশালী।
তিনি আরো বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে জনগণের বিপুল সমর্থন ও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিএনপি আবারও সরকার গঠন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের দায়িত্বভার গ্রহণের পর থেকেই অত্যন্ত বিচক্ষণতা ও দূরদর্শিতার সাথে রাষ্ট্র পরিচালনা করছেন। দেশের সাধারণ মানুষের কল্যাণ ও অগ্রগতির কথা মাথায় রেখে তিনি প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন ;এটাই দেশবাসীর প্রত্যাশা।
শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামণা করে এই অধ্যাপক বলেন, ঐতিহাসিক এই দিনে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে—এই কামনাই করি।
আরটিভি/এসআর




