ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, জীবনের চাকা ঘোরে তাদেরকে গুরুত্ব দিতে হবে। আপনাদের সাফল্যের প্রকৃত মূল্যায়ন হবে শুধু ব্যক্তিগত অর্জনে নয়, বরং অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন তার ওপর।

সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয় জানিয়ে তিনি বলেন, এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি।

রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন হল নতুন দায়িত্ব গ্রহণের এবং অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার। মনে রাখতে হবে, সনদ অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনও শেষ হয় না।

তিনি আরও বলেন, আজকের এই সমাবর্তন শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের নতুন দায়িত্বও অর্পণ করছে। কেবল সনদসর্বস্ব জ্ঞান দিয়ে ব্যক্তি বা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা, সুগভীর দেশপ্রেম এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উচ্চশিক্ষার সাফল্য শুধু বিশ্ববিদ্যালয় কিংবা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি।

সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি, যখন বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনযাত্রা, অর্থনীতি ও কর্মসংস্থানের প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও রোবটিকসসহ উদীয়মান প্রযুক্তি কর্মজগতের ধরন পরিবর্তন করছে।

তিনি আরও বলেন, আজ যে জ্ঞান ও দক্ষতা দিয়ে আমরা কাজ করছি, আগামী কয়েক বছরে সেই কাজের জন্য হয়তো সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হবে।

রাষ্ট্রপতি ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধানের দক্ষতা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো মন মানসিকতা তৈরির আহ্বান জানান।

এ সময় তিনি বিগত দেড় দশকে শিক্ষাখাতে অনিয়মের মাধ্যমে সম্ভাবনাময় বিশাল এক তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিগত দেড় দশকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। কোনো রকম বাছ-বিচার ছাড়াই বিশ্ববিদ্যালয় করার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে এবং সম্ভাবনাময় বিশাল এক তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দিয়েছে। এতে ব্যক্তির পাশাপাশি দেশের মেধা ও সম্ভাবনারও বিশাল অপচয় ঘটেছে।

তিনি এ অবস্থা থেকে বের হয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বহুশিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। তবে এই অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। নিজের শিকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থেকে বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতাকে গ্রহণ করতে হবে।

উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। আমাদের তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির নৈতিক ব্যবহার ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, মনে রাখতে হবে, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

এ সময় মির্জা ফখরুল ইসলাম শিক্ষার্থীদেরকে জীবনের প্রতিটি পর্যায়ে সততা ও ন্যায় অবলম্বনের আহ্বান জানান এবং একইসঙ্গে তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্বে একটি জ্ঞানভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের আগে রাষ্ট্রপতির সামনে আইইউবির উপ-উপাচার্য প্রফেসর ড্যানিয়াল ডব্লিউ লান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে উপযোগী শিক্ষার্থীদেরকে আচার্যের সামনে পেশ করলে আচার্য মির্জা ফখরুল ইসলাম তাদেরকে ডিগ্রি প্রদান করেন।

আচার্যের পদকপ্রাপ্ত তিনজন শিক্ষার্থীসহ কৃতিত্বের সঙ্গে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি ২০২৪-এর গণঅভ্যুত্থানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন।

এর আগে, রাষ্ট্রপতি বেলা ১১টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সমাবর্তন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ম. তামিম এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড আইনুন নিশাত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আহমদ, বিশ্ববিদ্যালয়ের এডুকেশন, সায়েন্স, টেকনলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান মো জাকারিয়া খান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসিফ পারভেজ।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে যে পরিকল্পনা সরকারের
দেশের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি দপ্তরে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ পূরণে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস-২০২৫’ অনুযায়ী সরকারি বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। তিনি জানান, এসব শূন্য পদ পূরণে বর্তমান সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। কর্মপরিকল্পনার আওতায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্যে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগসংক্রান্ত তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে নিয়োগ সম্পন্ন করতে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে। খায়রুল কবির খোকনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতে সম্পন্ন হওয়া নিয়োগের ক্ষেত্রে কোনো অভিযোগ পাওয়া গেলে বা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ব্যবস্থা গ্রহণের ফলে কোনো পদ শূন্য হলে সেসব পদেও মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আবুল হাসনাতের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি নিয়োগ কার্যক্রমের তথ্য প্রতি ৬ মাস অন্তর হালনাগাদ করা হয়। দেশের জেলা ও কেন্দ্রীয় পর্যায়সহ সব দপ্তর, বিভাগ এবং সরকারি কর্ম কমিশনের নিয়োগ কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রয়েছে। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন দপ্তর থেকে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এসব তথ্য সমন্বয় করে নির্দিষ্ট সময়ের মধ্যে কতজন সরকারি কর্মচারী নিয়োগ পেয়েছেন, সে বিষয়ে জাতীয় সংসদকে অবহিত করা সম্ভব হবে।  আরটিভি/এসআর
সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে যে পরিকল্পনা সরকারের
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সেই শক্তিকে ফিরে আসার সুযোগ তৈরির চেষ্টা করা হলে জাতির সামনে তা উন্মোচন করা হবে। দেশের অভ্যন্তরে, সীমান্তের বাইরে কিংবা সম্মিলিতভাবে কোনো ষড়যন্ত্রই বাস্তবায়িত হতে দেওয়া হবে না। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপচেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা আজ যে উদ্যোগের কথা বলেছেন, তা তিনি বিরোধী দলের পক্ষ থেকে নিতে পারেন। বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হতে চান না- এমন সক্রিয় ভূমিকার তিনি প্রশংসা করেন। সরকার সবসময় বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে এবং ইতোমধ্যে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছে। তিনি বলেন, কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে নানা ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে। দেশের রাজনৈতিক সচেতন মানুষ এসব তৎপরতা বুঝতে পারছেন। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের সেই কার্যক্রমের আইনগত বৈধতা কী এবং দেশের অভ্যন্তরে কারা তাদের সহযোগিতা করছেন- এসব প্রশ্নের জবাব খুঁজে দেখা প্রয়োজন। বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি। সংসদীয় রীতির কারণে অনুপস্থিত ব্যক্তিদের নাম উল্লেখ না করাই স্বাভাবিক।  ‘তবে বিরোধীদলীয় নেতা যদি সংশ্লিষ্ট বক্তব্য, গোয়েন্দা সংস্থার টেলিফোন নম্বর থেকে পাঠানো বার্তা কিংবা তার দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে দেওয়া হুমকির তথ্য সরকারকে জানান, তাহলে তা তদন্ত করে দেখা হবে।’ তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য একটি নীলনকশা করা হয়েছিল। দেশের ভেতরে ও বাইরে থেকে এ প্রচেষ্টায় বিনিয়োগও করা হয়েছে। তবে সরকার সফলতার সঙ্গে সেই অপচেষ্টা নস্যাৎ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বলপ্রয়োগ করেনি; বরং নিজেরাই বিভিন্ন ঘটনায় আহত হয়েছে। এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটালে সেটিকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিক ইস্যু তৈরির সুযোগ পায়। সরকার সচেতনভাবে সে সুযোগ দেয়নি। তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহের কিছু অংশ দেশের তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব এলাকায় শিল্প পুলিশ, সাধারণ পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষিত রাখতে শিল্পমালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে। তারা সরকারের উদ্যোগে সহযোগিতা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের সহযোগীদের পাশাপাশি কয়েকজন শিল্পমালিকেরও অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টায় সহযোগিতার বিষয়টি সরকার লক্ষ্য করেছে। তবে শিল্পমালিকদের আশ্বস্ত করা হয়েছে যে দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও শিল্পমালিকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে একত্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলে তুলে ধরা যৌক্তিক নয়। দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে বলেও তিনি জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় রাতে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে পরিত্যক্ত যানবাহনে অগ্নিসংযোগের বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করা যায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে আগের বছরের একই সময়ের তথ্য বিবেচনায় নেওয়া জরুরি। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে আগের বছরের একই সময়ের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়নি। চলতি বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০ কম বলে তিনি উল্লেখ করেন।  আরটিভি/এসআর
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি’: দুদকের চাকরি ফেরত পাওয়া শরীফ
সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার হওয়ার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে পুনরায় যোগ দিয়েছেন আলোচিত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরিতে যোগ দিয়ে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানী সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে তিনি চাকরিতে যোগদান করেন। এরপর সংবাদমাধ্যমের কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। মো. শরীফ উদ্দিন বলেন, এ জন্য কমিশন ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আদালত, গণমাধ্যম ও দুদকের সব কর্মকর্তা-কর্মচারীসহ আমার দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন। এর আগে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে তার অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিধি অনুসারে শরীফ উদ্দিন তার জ্যেষ্ঠতা এবং সব বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। এর আগে ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলি হওয়ার আগে তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সে সময় চট্টগ্রাম অঞ্চলে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর ঘটনা অনুসন্ধান করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা করার সুপারিশ করেছিলেন তিনি।  দায়িত্ব পালনকালে প্রাণনাশের হুমকি পেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করেছিলেন। তার এই আকস্মিক চাকরিচ্যুতি দেশজুড়ে ব্যাপক আলোচনা এবং দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধনের মতো বিরল ঘটনার জন্ম দিয়েছিল। চাকরিচ্যুত হওয়ার পর কোনো কারণ দর্শানো ছাড়া অপসারণসংক্রান্ত ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে এবং পুনর্বহালের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন।  প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন এবং দীর্ঘ শুনানি শেষে গত বছরের ৯ জুলাই শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশটি অবৈধ ও বাতিল ঘোষণা করেন। আদালত তাঁকে জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। পরবর্তীতে দুদকের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলেও সংস্থাটি তা প্রত্যাহার করে নেয়। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত সেই আবেদন মঞ্জুর করায় তাঁর চাকরিতে ফেরার আইনি বাধা সম্পূর্ণরূপে দূর হয়।  আরটিভি/এসআর
‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি’: দুদকের চাকরি ফেরত পাওয়া শরীফ
ঠিকাদার খুশি হয়ে কিছু দিলে সেটা ঘুষ নয়: মীর শাহেদ আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘একজন ইঞ্জিনিয়ারের ঘুষ নেবার প্রয়োজন নেই। তবে কোনো ঠিকাদার খুশি হয়ে যদি কিছু উপহার দেন তবে তা তিনি নিতেই পারে।
ঠিকাদার খুশি হয়ে কিছু দিলে সেটা ঘুষ নয়: মীর শাহেদ আলম
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রী, তার স্ত্রী এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি।  বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।  এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সফরসঙ্গী ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  এর আগে আজ সকাল সাড়ে সাতটায় আন্তালিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রা বিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান তিনি।  আগামীকাল বুধবার বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। আরটিভি/এসআর    
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি
গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা