ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পুলিশের আরও ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ আরও ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়।

একই অভিযোগে আরেক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এসব প্রজ্ঞাপনে সই করেন।

বরখাস্ত হওয়া অন্যদের মধ্যে রয়েছেন- সাবেক উপ-কমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান।

এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) হিসেবে পুলিশ অধিদপ্তরে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে কর্মস্থলে যোগদানের জন্য একাধিকবার যোগাযোগ ও নোটিশ দেওয়া হলেও তিনি সাড়া দেননি। তদন্তে তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

তার বরখাস্ত কার্যকর হয়েছে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে।

সাবেক ডিএমপি উপকমিশনার মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২৫ সালের ১৭ এপ্রিল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ২৩ এপ্রিল তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর যোগ দেননি। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

এএসপি মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২১ সালের ২৩ আগস্ট তিনি দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে অনুমতি ছাড়াই দিনাজপুরে অভিযোগ অনুসন্ধানে যান। সেখানে লুত্ফর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। পরে তাদের একজনের পরিচিত ব্যক্তির বাড়িতে আটকে রেখে মোবাইলফোনে টাকা দাবি করা হয়। এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাকে সহযোগীদেরসহ আটক করে। তদন্তে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এএসপি মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়। তিনি ২-এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে কমর্রত থাকাকালে ২০২৪ সালের ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার অনুমতি নেন। তবে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্য দেন। পরে চিকিৎসার কাগজপত্র জমা দিলেও কর্মস্থলে যোগ দেননি। ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে তার অননুমোদিত অনুপস্থিতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ওই তারিখ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম গাইবান্ধায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কমর্রত থাকাকালে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ১৮ সেপ্টেম্বর তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। তার সরকারি ও ব্যক্তিগত মোবাইলফোন বন্ধ থাকায় কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারেনি। স্থায়ী ঠিকানায় তিনটি নোটিশ পাঠানো হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান সুনামগঞ্জে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কমর্রত থাকাকালে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির সময় তিনি হোয়াটসঅ্যাপে এক পুলিশ পরিদর্শককে তার দায়িত্ব বুঝে নিতে এবং তাকে অসুস্থ হিসেবে দেখাতে বলেন। পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও তিনি কাজে যোগ দেননি। দীর্ঘদিনের অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় তদন্তের পর তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে অভিযোগের গুরুত্ব বিবেচনায় শাস্তি পরিবর্তন করে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলেমগণ মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান। সমাজে তাদের প্রভাব গভীর। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ, নারী ও শিশু নির্যাতন দূর করতে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন। এটি আমাদের জাতীয় গৌরবের বিষয়। এ সময় তিনি ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের মৌলিক নীতি ও সুস্পষ্ট দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের প্রভাব অত্যন্ত গভীর। একই সঙ্গে রাষ্ট্রপতি বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সেই দৃষ্টান্তকে পাথেয় করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। এ দেশে ইসলামের প্রচার ও প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন অবদানের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পবিত্র ইসলাম, ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় আকিদার প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় কাজে নিয়োজিত ব্যক্তিদের কল্যাণে কাজ করছে। একই সঙ্গে সব ধর্মের সহাবস্থান, স্বাধীনতা, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় রাষ্ট্রপতি তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে আলেমরা এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে। অতীতের ফ্যাসিবাদ, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ, সদা সতর্ক ও সজাগ থাকতে হবে। কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ থেকে শিক্ষা এ ব্যাপারে আমাদের পাথেয়। এ সময় রাষ্ট্রপতি অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের প্রশংসা করে বলেন, সংস্থাটি দীর্ঘদিন ধরে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতচর্চার প্রসারে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী যোগ্য কারি ও হাফেজ গড়ে তুলতে এ সংস্থাটির ভূমিকা প্রশংসনীয়। রাষ্ট্রপতি সংস্থাটির উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, সংস্থাটি ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, নিয়মিত প্রশিক্ষণ, প্রতিভা অন্বেষণ এবং কারি ও হাফেজদের মানোন্নয়নে আরও ব্যাপক ভূমিকা পালন করবে। এ সময় তিনি এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সম্মানিত কারি ও অতিথিদের বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং আন্তর্জাতিক কিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কিরাত সম্মেলনের সভাপতি আল্লামা কারি আবু রায়হান, আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়ান পরিষদের সভাপতি আনোয়ার আলদীন এবং আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইউসুফ। আরটিভি/এসআর
কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
পরিচালক থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপন এ তথ্য জানা গেছে। মোহাম্মদ মোরশেদ আলম ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুদকের নিজস্ব জনবল থেকে মোরশেদ আলম মহাপরিচালক হয়েছেন। এর আগে নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন। আরটিভি/এসআর
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এ অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। আরটিভি/এসআর
দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রবাসীদের নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধের সহযোগিতায় একমত বাংলাদেশ-ইউএই
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে পুলিশ ও নিরাপত্তা সংস্থার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে দুই দেশ যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রবাসীদের নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধের সহযোগিতায় একমত বাংলাদেশ-ইউএই
গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী
সরকার গ্যাসের দাম বাড়ায়নি বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বায়োগ্যাসের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সংসদ নূরুন্নিসা সিদ্দীকা প্রশ্ন করেন, গ্যাস সংকটের কারণে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। বারবার গ্যাসের দাম বাড়ানো হলেও গ্যাস না পেয়েও গ্রাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থায় গৃহস্থালিতে গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনও পরিকল্পনা সরকারের আছে কি না। জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আজও আমরা সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে অনেক বেশি দামে গ্যাস কিনেছি। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে সরবরাহের জন্য আমরা গ্যাস কিনছি। এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি। এলপিজির দাম প্রসঙ্গে তিনি বলেন, এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারিত হয়। এখানে সরকারের সরাসরি ভূমিকা নেই। বায়োগ্যাসের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করেছে। বায়োগ্যাসের ক্ষেত্রেও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বায়োগ্যাস থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।  আরটিভি/এসআর
গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী
আরও পড়ুন
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
একযোগে ৭ সহকারী পুলিশ সুপারকে বদলি
ঢাকাজুড়ে পুলিশের বিশেষ তৎপরতা, বেড়েছে নজরদারি
রাতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা