
পারস্পরিক শ্রদ্ধা, ঐতিহ্য এবং কূটনৈতিক সৌহার্দ্যের মেলবন্ধনে প্রতি বছরের মতো এবারও পালিত হয়েছে সালতানাত অব ওমানের জাতীয় দিবস।
এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) রাতে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের উদ্যোগে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও উচ্চতায় পৌঁছানোর প্রত্যয় জানান বক্তারা।
রাজধানীর এই পাঁচ তারকা হোটেলটির বলরুম সেজেছে ওমানের জাতীয় পতাকার লাল, সাদা ও সবুজ রঙের নান্দনিক আবহে। প্রবেশদ্বার থেকে মূল মঞ্চ পর্যন্ত ফুটিয়ে তোলা হয়েছে দেশটির প্রাচীন ইতিহাস, পর্যটন এবং আধুনিকায়নের চিত্র। অতিথিদের বরণ করা হয় সুগন্ধি আরবীয় কফি কাহওয়া, খেজুর আর ঐতিহ্যবাহী মিষ্টি হালুয়া পরিবেশন করে।
কূটনৈতিক এই মিলনমেলায় বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ বিশিষ্টজনরা অংশ নেন। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং কেক কেটে শুরু হয় আনুষ্ঠানিকতা।
এ সময় ওমান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশি। তিনি বলেন, আমরা একটি যৌথ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার আশা রাখি, যা বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতার অগ্রাধিকার নির্ধারণ এবং উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ জোরদার করতে অবদান রাখবে।
একই আশাবাদ ব্যক্ত করেন পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, আমাদের দুদেশের বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, শিপিং, আইসিটি, আসবাবপত্র এবং শিক্ষায় সহযোগিতা প্রসারিত করার উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। আমরা শক্তিশালী বেসরকারি খাতের সম্পৃক্ততা, একটি যৌথ বিজনেস কাউন্সিল, উচ্চ-স্তরের সফর বিনিময় এবং নিয়মিত রাজনৈতিক আলোচনার প্রত্যাশা করি।
কূটনৈতিক এই আয়োজন কেবল একটি রাষ্ট্রীয় দিবস উদযাপনই নয়, বরং এটি বাংলাদেশ ও ওমানের মধ্যকার দীর্ঘদিনের আস্থা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং আত্মিক বন্ধনের এক উজ্জ্বল প্রতিফলন, এমনটাই মনে করছেন অংশগ্রহণকারীরা।
আরটিভি/এসএস


