ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের ব্যাপক অসন্তোষের মুখে অবশেষে তাদের নিম্নতম মজুরি এখন ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এমন পদক্ষেপের পরও আন্দোলন থামেনি এখন পর্যন্ত। গাজীপুর, সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে এখনও শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের খবর আসছে। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে চলেছে।

বিবিসি বাংলার বিশ্লেষণ বলছে, শ্রমিক ও মালিকদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর বুধবার ভোর রাতে তৈরি পোশাক খাতে কর্মরতদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। কিন্তু নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদেরকে খুশি করতে পরেনি মজুরি বোর্ডের এই সিদ্ধান্ত।

এর প্রভাবই দেখা গেছে বুধবার সকাল থেকে। সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অনেক শ্রমিক। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাত ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার, আশুলিয়া ও গাজীপুরে ১৮ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদরদপ্তর।

শ্রমিক নেতাদের অনেকেই মনে করেন যে, মজুরি বোর্ডের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বলেই শ্রমিকদের কেউ কেউ এখনও বিক্ষোভ করছেন। তবে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও মনে করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

এদিকে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক খাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতার মুখে ফেলবে বলেই মনে করা হচ্ছে।

পোশাক কারখানা মালিকদের অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং বৈশ্বিক জ্বালানি মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে আগে থেকেই চাপে থাকা বাংলাদেশের পোশাক খাত, আরও চাপে পড়বে।

এমন প্রেক্ষাপটে, আন্দোলন না করে শ্রমিকদেরকে কাজে ফেরার আহ্বানও জানিয়েছেন তারা।

নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিকদেরকে কোনো ধরনের অপপ্রচার বা উসকানিতে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকেও। কারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শ্রমিকদেরকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।

তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করা করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে; যেখানে গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি করা হয়েছে।

এই ঘোষণার পরও সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকেই বিক্ষোভ করেছেন অনেক শ্রমিক। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে সাভারের হেমায়েতপুর এবং গাজীপুরের আশুলিয়াসহ বিভিন্ন এলাকায়।

বুধবার সকাল নয়টার দিকে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। এসময় কয়েকটি কারখানায় বাইরে থেকে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুরের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ বলছে, শ্রমিকরা রাস্তায় নামলে শুরুতে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও কাজ হয়নি। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সড়ক থেকে সরানো হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলছেন, শ্রমিকদের আন্দোলন এখন আর শুধু শ্রমিকদের আন্দোলন নয়। শ্রমিকদের আন্দোলনে অনেক তৃতীয় পক্ষ ঢুকেছে, সেক্টরটাকে অস্থিতিশীল করার জন্য।

বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে গাজীপুরের ভোগড়া এবং নাওজোড় এলাকায়ও।

স্থানীয় গণমাধ্যম কর্মী এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল নয়টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক কিরণ কুমার রায় জানান, সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় খণ্ড খণ্ড ভাবে জড়ো হন শ্রমিকরা। একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।

পুলিশ বলছে, আন্দোলনের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও। সকাল সাড়ে দশটার পর থেকে যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে।

এসময় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের একজন সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে গাজীপুরে অন্তত ৩৫ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়া জেলার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিজিবি, এসআরবি এবং আনসার সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

উল্লেখ্য, তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে অস্থিরতা চলছে। গাজীপুর, সাভারসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন শ্রমিকরা। শ্রমিক অসন্তোষে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কোনো কোনো কারখানায় ছুটি ঘোষণার পাশাপাশি অনেক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধও রেখেছেন মালিকরা।

এই পরিস্থিতি বাংলাদেশের রপ্তানি আয়ের জন্য অতি গুরুত্বপূর্ণ খাত হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্পে এক ধরনের অনিশ্চয়তার জন্ম দিয়েছে। অন্যদিকে, মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিও অযৌক্তিক নয় বলেই মনে করেন অনেকে।

ফলে সরকারের গঠন করা মজুরি বোর্ড- মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করে যে মজুরি নির্ধারণ করেছেন, সেটি এই খাতে চলমান অস্থিরতা কমাবে বলেই মনে করা হচ্ছিল।

কিন্তু মঙ্গলবার মধ্যরাতে নতুন মজুরি নির্ধারণ হওয়ার পরও শ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে।

মজুরি বোর্ডের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বলেই অনেক শ্রমিক এখনও আন্দোলন করছেন বলে মনে করেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের সদস্য ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

তিনি বলেন, নিম্নতম মজুরি বোর্ডই সবসময় মজুরি ঘোষণা করে। এখানে ন্যায্য বা লেভেল ওয়াইজ করা হয় না, শুধুমাত্র ন্যূনতমটা করে। মালিকরা ইচ্ছা করলে এর চেয়ে বেশি দিতে পারে। ন্যূনতম মজুরিতে আসলে কেউই সন্তুষ্ট হয় নাই।

বাবুল আখতার আরও বলেন, অতীতেও কোন পক্ষই নির্ধারিত মজুরি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিল না। কিছু জায়গায় অনেক মালিকের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক ভালো নেই। মূলত সেই সব জায়গায়ই এই বিশৃঙ্খল পরিস্থিতি বেশি হচ্ছে।

কিন্তু দেশের শিল্পের স্বার্থে সবাইকে এই মজুরি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

তার ভাষ্যমতে, মজুরি বোর্ডের ঘোষণা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি সব শ্রমিক।

তবে, ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বা অন্য কোনো ইন্ধন বা উদ্দেশ্য এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে কিনা সেটি বলা কঠিন বলেই মত এই শ্রমিক নেতার। শুক্র-শনিবার থেকে বাংলাদেশের পোশাক শিল্পে, শ্রমিকদের পক্ষ থেকে আর কোনো অস্থিরতা থাকবে না বলেও মনে করেন তিনি।

এদিকে, শ্রমিকদেরকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সাবেক পরিচালক মহিউদ্দিন আহমেদর রুবেল।

মজুরি বোর্ডের সিদ্ধান্তের পরও শ্রমিক আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না তিনি। তার ভাষ্যমতে, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকারপক্ষ সবার বোঝাপড়ার মধ্য দিয়েই মজুরি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। এটা কারো একার সিদ্ধান্তে হয়নি। ফলে এটাকে অবশ্যই রেসপেক্ট করা উচিত।

প্রতিযোগী দেশগুলোর থেকে বাংলাদেশের পোশাক খাত যেন পিছিয়ে না পড়ে সেজন্য সরকারকেও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছে।
স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান পলাশ
বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান পলাশ
শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিশুদের মাঝে দেশ প্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে: মাহদী আমিন
ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে মূল বেতনের বাইরেও তাদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে এবং মাস শেষে মোট আয় আরও বৃদ্ধি পাবে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। স্ট্যাটাসে মাহদী আমিন লিখেছেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিক ভাই-বোনদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। তাদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। এই শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের জীবন, পরিবারের সংগ্রাম ও কারখানার ভবিষ্যৎ। তাই তাদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, আমাদের নৈতিক ও সমন্বিত দায়িত্ব। তিনি বলেন, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সকল পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ একটি নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। মাহদী আমিন জানান, নতুন এই কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ। তিনি বলেন, গ্রেড-২ এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। পূর্বে এই মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। অর্থাৎ বেড়েছে ৪০.১১ শতাংশ।  তিনি আরও বলেন, গ্রেড-৩ এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪১.৭০ শতাংশ। অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪ এর অধীনে হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ। মাহদী আমিন বলেন, আমরা বিশ্বাস করি শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। একই সঙ্গে মনে রাখতে হবে, শ্রমিকের কল্যাণ এবং শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে। তিনি বলেন, আমরা এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চাই, যেখানে শ্রমিক তার ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন; উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন; বেকারত্ব না বেড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে; আর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী ও সুদৃঢ় অবস্থান তৈরি করবে। মাহদী আমিন বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের সুষম সমন্বয়ই আমাদের মূল লক্ষ্য। শ্রমিকের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামো প্রদানের জন্য মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ ও মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়ে মাহদী আমিন বলেন,  শ্রমিক-মালিক ভাইবোনদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখুন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে, নিজ-নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেবে এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আরটিভি/টিআর
ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে: মাহদী আমিন
আরও পড়ুন
ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে: মাহদী আমিন
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি  
তিন বছরে ৪৩ শতাংশ বেতন বাড়ল পোশাক শ্রমিকদের
পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো: বোর্ড চেয়ারম্যান