
দীর্ঘ ১২ ঘণ্টার বৈঠক শেষে দেশের পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) দেশের পোশাক শ্রমিকদের মজুরি এখন ১৭ হাজার টাকা। ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার তুলনায় ন্যূনতম মজুরি এখন ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। আর গ্রেড-১ এর শ্রমিকদের মজুরিও বেড়েছে ৪৩ শতাংশ।
নতুন দফার এই বেতন কাঠামো নির্ধারণের ফলে পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরির ক্ষেত্রে পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ভারতের তৈরি পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার ৩৭৬ টাকা এবং পাকিস্তানের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার ৬৯৫ টাকা।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম মজুরিতে কাজ করেন শ্রীলঙ্কার শ্রমিকরা। দেশটিতে তৈরি পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১১ হাজার ২৫৩ টাকা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের শ্রমিকদের তুলনায় এখনও যথেষ্ট বেশি মজুরি ভোগ করেন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও চীনের শ্রমিকরা। এই তিন দেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি যথাক্রমে ১৮ হাজার টাকা, ২৪ হাজার ১৮ টাকা এবং ৫১ হাজার ২৬৫ টাকা।
এদিকে সংশোধিত শ্রম আইন অনুযায়ী, পূর্বে ৫ বছর পরপর মজুরি কাঠামো পর্যালোচনা করা হলেও এবার মাত্র ৩ বছরের ব্যবধানে নতুন এই বেতন কাঠামো ঘোষণা করা হলো। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন কাঠামো কার্যকর হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং এ ঘোষণা দেন মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে।
নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা।
আরটিভি/এসএইচএম


