ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
ছবি: সংগৃহীত

প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি বা কৃষি অর্থনীতি প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যদি নিজেরাই নিজস্ব উৎপাদনে পুষ্টির জোগান দিতে এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে সক্ষম হই, তাহলে আমি বিশ্বাস করি, স্বনির্ভর এবং সমৃদ্ধ অর্থনীতি কঠিন কিছু নয়। শুধু প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা এবং এর সঠিক বাস্তবায়ন।

তিনি বলেন, যে প্রজন্ম পুষ্টিগতভাবে শক্তিশালী হয়, তাদের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা এবং উদ্ভাবনী শক্তিও তত বেশি বিকশিত হয়। মেধাবী জাতি গঠনের স্বপ্ন তাই পুষ্টির নিরাপত্তার সাথে গভীরভাবে যুক্ত। আমরা একটি আত্মনির্ভরশীল এবং মেধা সমৃদ্ধ জাতি গঠনের জন্য এগিয়ে যাচ্ছি। তবে মেধা সমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের শতকরা ৫৬ ভাগ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হয়। প্রাণিজ আমিষের উৎপাদন কেবল খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।

তারেক রহমান বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনেই সীমাবদ্ধ নয়; বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

তিনি বলেন, দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী খাতে রূপ নিচ্ছে। বর্তমান সরকারের সময়কালে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ সেক্টরে ১০৪ দশমিক ৬৪ লক্ষ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এই সেক্টরের বিকাশে সরকার সব ধরনের নীতি সহায়তা এবং অর্থনৈতিক নীতি সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি এই সেক্টরের সাফল্যের জন্য সবার আগে খামারি ভাই-বোনদেরকে ধন্যবাদ জানাতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা পর্যায়ক্রমে আরো বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশ একদিকে প্রাণিসম্পদ খাতে আরও স্বনির্ভর হয়ে উঠবে অপরদিকে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা।

বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত-উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা ‘বাচ্চা উৎপাদনক্ষম’ উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। এভাবে আমাদেরকে নিত্য নতুন রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে। বিদেশে নিত্য নতুন প্রাণিজ পণ্যের বাজার খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, আমি মনে করি বাংলাদেশের সামনে, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য এবং পোলট্রি পণ্য রপ্তানি বাজার আরো সম্প্রসারণের বিশাল সম্ভাবনা বিদ্যমান। বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনার ওপরও
সরকার বিশেষ গুরুত্ব প্রদান করেছে।

প্রধানমন্ত্রী বলেন, পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলছে। দেশে বর্তমানে বাণিজ্যিক এবং প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপন্ন হচ্ছে এটি অবশ্যই আশাব্যঞ্জক। ইতোমধ্যেই এই সেক্টরে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে। পোল্ট্রি খাতের সঙ্গে বর্তমানে প্রায় ৬০ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এর মধ্যে ৪০ শতাংশই নারী। বর্তমানে পোল্ট্রি সেক্টরে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

তিনি বলেন, বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি তাদের দৈনিক জীবিকা নির্বাহের জন্য পশু পালন করে থাকেন। দেশ জুড়ে ছড়িয়ে থাকা অজস্র খামার দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান আর রপ্তানিতে অবদান রাখছেন। সুতরাং, পশু-প্রাণী চিকিৎসা নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সবরকমের পদক্ষেপ নিয়েছে।

তারেক রহমান বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন ও বিকাশের প্রধান অন্তরায় হচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাই। আপনারা জেনে আশ্বস্ত হবেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ইতোমধ্যেই ১৭ টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। যদিও এটি পর্যাপ্ত নয়। এ কারণে সরকার ইতোমধ্যেই আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরে মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি হয়ে থাকে জানিয়ে তিনি বলেন, এসব উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাস জমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দের সুযোগ রয়েছে। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের সাথে সমন্বয়ের মাধ্যমে যথাযথ উদ্যোগ নেয়ার জন্য আমি মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রণালয়কে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, বর্তমানে দেশে বিশেষ করে শহর অঞ্চলে আর্থিকভাবে সক্ষম মানুষের মাঝে উন্নত বিশ্বের মতো পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালন অনেক বৃদ্ধি পেয়েছে। এগুলো একদিকে যেমন মানুষের মানসিক প্রশান্তির কারণ হয়ে উঠেছে অপরদিকে এসব প্রাণী অনেকের কাছে আয়েরও উৎস। তবে মনে রাখতে হবে, মানুষের যেমন অধিকার রয়েছে। তেমনি পশুপাখির অধিকার সম্পর্কেও অবহেলা করা চলবে না।

আপনারা নিঃসন্দেহে জানেন, জীবজন্তু কিংবা পশুপাখির জন্যও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি অধিকার রয়েছে। প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে; প্রাণীকে অস্বস্তিতে রাখা চলবে না। ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে; স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দিতে হবে সর্বোপরি প্রাণীকে ভয় এবং মানসিক যন্ত্রণা দেওয়া যাবে না। মানবিক মানুষ হিসেবেই আমাদের প্রত্যেককে পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন এবং সচেতন থাকা মানবিক দায়িত্ব।

তিনি আরও বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো, প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা। আমাদের খামারিরাই প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি। আপনাদের মেধা পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগের ফলেই দেশের প্রাণিসম্পদ সেক্টর এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সপ্তাহের উদ্বোধন করেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্য আট ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান
স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
৩০ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকা মহানগরসহ দেশের ৩০ জেলায় অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৫টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৭০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
৩০ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে জরিমানা
নতুন এনআইডি করতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজপত্র
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।
নতুন এনআইডি করতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজপত্র
আরও পড়ুন
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি